শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতিবছর ঐতিহাসিক ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হচ্ছে।রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন: সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আজ সকাল আটটার দিকে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রক্ষিত পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। এর আগে রাষ্ট্রপতি সেখানে পৌঁছালে সেনাবাহিনী-প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী-প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ, বিমানবাহিনী-প্রধান এয়ার মার্শাল এম ইনামুল বারী ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবদুল ওয়াদুদ তাঁকে স্বাগত জানান।শিখা অনির্বাণে প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সোয়া আটটার দিকে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল তাঁকে অভিবাদন জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন।পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর প্রধানেরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এর আগে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণ প্রাঙ্গণে পৌঁছালে তিন বাহিনীর প্রধানেরা ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাঁকে অভ্যর্থনা জানান। বাসস।