শিগগির আল-কায়েদাকে পরাজিত করা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদাকে শিগগির কৌশলগতভাবে পরাজিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আফগানিস্তান সফরে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লিওন প্যানেট্টা বলেন, ওসামা নিহত হওয়ার পর পাকিস্তান, ইয়েমেন ও অন্যান্য দেশের প্রায় ১০-২০ জন শীর্ষ আল-কায়েদা নেতাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের অনুসরণ করা হবে। তিনি বলেন, ‘আমরা শিগগির কৌশলগতভাবে আল-কায়েদাকে পরাজিত করব।’তিনি জানান, তাদের বিশ্বাস, আল-কায়েদার বর্তমান প্রধান আয়মান আল জাওয়াহিরি পাকিস্তানের পশ্চিমাঞ্চলে লুকিয়ে আছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা ঝটিকা সফরে আফগানিস্তানে রয়েছেন। আফগানিস্তানে দায়িত্ব পালনরত মার্কিন সেনা, দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং অন্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি তাদের আলোচনায় গুরুত্ব পাবে।