শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক হবে: এসইসি চেয়ারম্যান
পুঁজিবাজার স্থিতিশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সাম্প্রতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ এগোচ্ছে বলে জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।এসইসি চেয়ারম্যান বলেছেন, বাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থে বাস্তবভিত্তিক সব পদক্ষেপই নেওয়া হবে। আর, এ কারণে শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে আজ শুক্রবার পুঁজিবাজার বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর এসইসি চেয়ারম্যান এ সব কথা বলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, পদ্মা সেতুতে অর্থায়ন জটিলতা নিয়ে সরকারের দেওয়া চিঠির জবাব বিশ্বব্যাংকের কাছ থেকে পাওয়া গেছে । তবে তিনি পুঁজিবাজার নিয়ে কোনো কথা বলেননি।বৈঠকে কি সিদ্ধান্ত হলো জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসইসি চেয়ারম্যান এম. খায়রুল হোসেন বলেন, ‘সব ইতিবাচক।’ গত বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পুঁজিবাজার নিয়ে চার ঘন্টার লম্বা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতেই আজকের বৈঠকটি ডাকা হয়েছে বলে জানান এসইসি চেয়ারম্যান। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যেসব সিদ্ধান্ত এসেছিল, সেসব বিষয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের জন্যই আমরা আজ বসেছিলাম।’বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম. শেফাক আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, এসইসি সদস্য হেলালউদ্দিন নিজামী, আমজাদ হোসেন প্রমুখ অংশ নেন।