আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে। এর তিন সপ্তাহ পর তাদের বিচার শুরু হবে। এ নিয়ে কারও সংশয় থাকার যৌক্তিকতা নেই। বিচারকাজ শুরু হলে আইনজীবী বাড়ানো হবে।আজ শনিবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবিরের ‘যুদ্ধাপরাধের বিচার: অতীতের অভিজ্ঞতা এবং বর্তমান চ্যালেঞ্জ’ বইটির প্রকাশনা অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন।অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে অকারণে বিলম্ব হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, তথ্য-উপাত্তের যাতে কোনো ঘাটতি না থাকে, সে জন্য চেষ্টা করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশসহ নানা দেশের মহাফেজখানা থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে। বিচার পর্যবেক্ষণ করার জন্য যেকোনো দেশ যেকোনো সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে পারবে। বিচারের স্বচ্ছতার জন্য আদালতের বাইরে প্রয়োজনে বড় পর্দা দেওয়া হবে।নারী উন্নয়ন নীতির খসড়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এই খসড়ায় নারীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক কারণে এটার বিরোধিতা করা হচ্ছে।আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন বইয়ের লেখক শাহরিয়ার কবির। এ ছাড়া অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, হাইকোর্টের সাবেক বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী গোলাম আরিফ, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের সভাপতি অজয় রায়, নির্মূল কমিটির আইন সম্পাদক তুরিন আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।