শিগগিরই আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামাঞ্চলে নিজ নিজ কর্মস্থলে থেকে সাধারণ মানুষ বিশেষ করে গরিব ও অসহায়দের চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতিমধ্যে অস্থায়ী ভিত্তিতে (অ্যাডহক) সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। মেডিকেল কলেজে শিক্ষকদের শূন্যপদ পূরণের জন্য চিকিৎসকদের দ্রুত পদোন্নতির ব্যবস্থাও নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার গণভবনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ আয়োজিত চিকিৎসক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে জনগণের করের টাকায় চিকিৎসক হয়েছেন। তাই আপনাদের সাধারণ মানুষকে পর্যাপ্ত চিকিৎসাসেবা দিতে হবে।’ শেখ হাসিনা বলেন, অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসাসেবা উন্নয়নে সরকার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের সুযোগ-সুবিধা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি দেশের সব সরকারি হাসপাতালে অন্তত একটি করে বার্ন ইউনিট স্থাপনের পদক্ষেপ নিয়েছে। উপজেলা পর্যায়ের সব ৩৫ শয্যার হাসপাতালকে ৫০ শয্যায় এবং জেলা পর্যায়ের সব ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার বিষয়টি প্রক্রিয়াধীন।চিকিৎসকদের পদোন্নতির ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষকদের শূন্যপদ পূরণের জন্য চিকিৎসকদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য প্রয়োজনে নতুন আইন করে বা বিদ্যমান আইন ও বিধিমালায় সংশোধনী আনা হবে। শেখ হাসিনা বলেন, আধুনিক চিকিৎসা বিষয়ে দক্ষতা অর্জনের প্রশিক্ষণের জন্য চিকিৎসকদের বিদেশে পাঠানো হবে। প্রয়োজনে বিদেশ থেকে প্রশিক্ষক এনে চিকিৎসকদের দক্ষতা বাড়ানো হবে।বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র ও দুস্থদের সহায়তায় এই ট্রাস্ট গঠন করা হয়। ট্রাস্টের আওতায় এক হাজার থেকে এক হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেল বৃত্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শেখ কামাল বৃত্তি চালু করা হয়েছে। তিনি বলেন, ট্রাস্টের উদ্যোগে গাজীপুরে একটি বিশেষায়িত হাসপাতাল ও একটি নার্সিং ইনস্টিটিউশন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান, ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান বক্তব্য দেন। এই ট্রাস্টের উদ্যোগে দেশব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় আট হাজার চিকিৎসক সম্মেলনে যোগ দেন।পাকিস্তানে বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে শোক: গত বুধবার পাকিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথা আমরা গভীর দুঃখ ও বেদনার সঙ্গে অবগত হয়েছি। দুর্ভাগ্যজনকভাবে বহু মূল্যবান প্রাণহানির জন্য আপনি, আপনার সরকার ও পাকিস্তানের জনগণের প্রতি আমি গভীর শোক ও সহানুভূতি জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমি আশা করছি শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা সাহস ও ধৈর্যের সঙ্গে তাঁদের প্রিয়জন হারানোর বেদনা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আমরা মহান আল্লাহর দরবারে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি।’