শিগগিরই আশুগঞ্জ দিয়ে পরীক্ষামূলক চালান
শিগগিরই আশুগঞ্জ নৌবন্দর দিয়ে ট্রানজিট পণ্যের পরীক্ষামূলক দুটি চালান যাবে। নৌ প্রটোকলের আওতায় এই চালান যাবে বলে এর জন্য কোনো মাশুল দিতে হবে না।গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নৌ প্রটোকলের আওতায় পরীক্ষামূলক পণ্য আনা-নেওয়ার (ট্রায়াল রান) নির্দেশনা জারি করে বলে জানা গেছে।সাধারণত কোনো পথ বা রুটে পণ্য পরিবহনব্যবস্থা স্থায়ী করার আগে পরীক্ষামূলকভাবে এক বা একাধিক চালান আনা-নেওয়া করা হয়। এর মাধ্যমে পথটির প্রকৃত অবস্থা পর্যালোচনা করা যায়।এনবিআরের এই আদেশ জারির ফলে আশুগঞ্জ হয়ে পণ্য আনা-নেওয়ার আর কোনো আইনগত জটিলতা থাকল না। দীর্ঘদিন ধরেই ভারত আশুগঞ্জ বন্দর হয়ে পণ্য আনা-নেওয়ার সুযোগ দিতে বাংলাদেশকে তাগিদ দিয়ে আসছিল।ইতিমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে এনবিআরকে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক চলাচলে ১২০০ টন লোহা ও লোহাজাতীয় পণ্যের চালান যাবে।এনবিআরের কর্মকর্তারা জানান, এখন যেকোনো দিনই ভারত পরীক্ষামূলকভাবে পণ্য আনতে পারবে। ঈদের আগেই এই ট্রায়াল রান হওয়ার কথা থাকলে ঈদের ছুটির বন্ধের কারণে তা সম্ভব হয়নি।কয়েক মাস ধরেই আশুগঞ্জ বন্দর দিয়ে ট্রায়াল রান শুরু করার তাগিদ দিয়ে আসছে ভারত। সর্বশেষ গত ১১ আগস্ট অনুষ্ঠিত ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে উপ-আঞ্চলিক সহযোগিতাসংক্রান্ত বৈঠকে আশুগঞ্জ বন্দর দিয়ে ট্রায়াল রান শুরু করার জন্য নৌ মন্ত্রণালয় ও এনবিআরকে নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।এর পরই আগস্টের তৃতীয় সপ্তাহে ১২০০ টন লোহা ও লোহাজাতীয় পণ্য ট্রায়াল রান হিসেবে যাবে বলে এনবিআরকে জানায় নৌ মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার এনবিআর ট্রায়াল রানসংক্রান্ত আদেশ জারি করে।নৌ প্রটোকলের আওতায় এই পথে ট্রায়াল রান শুরু করার জন্য কয়েক মাস ধরেই তোড়জোড় চলছে। ইতিপূর্বে বাংলাদেশ সীমান্ত থেকে নৌপথে আশুগঞ্জ হয়ে সড়কপথে আগরতলা সীমান্ত পর্যন্ত পণ্য পৌঁছানোর প্রক্রিয়া শুরু করতে এনবিআরকে তাগাদা দিচ্ছে নৌ মন্ত্রণালয়। সর্বশেষ গত জুলাই মাসের শেষদিকে এমন প্রক্রিয়া শুরুর তাগাদা দিয়ে চিঠি দিয়েছে নৌ মন্ত্রণালয়। প্রায় প্রতি মাসেই তাগাদা দিচ্ছে নৌ মন্ত্রণালয়।অন্যদিকে এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, আশুগঞ্জে বন্দরের অবকাঠামো নেই। তাই এই মুহূর্তে শুল্ক কর্মকর্তাদের পক্ষে আশুগঞ্জে কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তবে অস্থায়ী ক্যাম্প অফিস করে কার্যক্রম পরিচালনা করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।নৌপথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে আশুগঞ্জ বন্দর পর্যন্ত গিয়ে সড়ক বা রেলপথে আগরতলা পর্যন্ত পণ্য আনা-নেওয়া করলেও তা পুরোটি নৌ প্রটোকলের আওতায় পড়বে। কেননা ২০০৯ সালে দুই দেশের মধ্যকার নৌ প্রটোকল সংশোধন করায় এই সুযোগ সৃষ্টি হয়েছে।১৯৭২ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অভ্যন্তরীণ নৌপথ অতিক্রম ও বাণিজ্য প্রটোকল স্বাক্ষরিত হয়। এর আওতায় বাংলাদেশের অভ্যন্তরে নৌপথে ভারত পণ্য আনা-নেওয়া করে থাকে। সেই প্রটোকলের একটি অংশে বলা হয়েছিল, ভারতীয় পণ্য নৌপথে বাংলাদেশের শেরপুর পর্যন্ত এসে সড়কপথে সীমান্ত পর্যন্ত নেওয়া হলেও তা এই প্রটোকলের আওতায় পড়বে। এ জন্য কোনো মাশুল দিতে হবে না।তবে ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে শেরপুরের পরিবর্তে আশুগঞ্জ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিবর্তনের জন্য ভারতীয় পক্ষ থেকে বলা হয়, সারা বছরই শেরপুর পর্যন্ত নাব্যতাসংকট থাকে।সংশোধনের চিন্তা: তবে বাংলাদেশের পক্ষ থেকে এখন আবার এই নৌ প্রটোকল সংশোধনের চিন্তা চলছে, যেন মাশুল আরোপ করা যায়।গত ১২ জুন উপ-আঞ্চলিক সহযোগিতাসংক্রান্ত বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নৌপথ ব্যবহার করলে মাশুল নেওয়া যায় কি না, তা বিশ্লেষণ করতে বলা হয়েছে। এমনকি মাশুল আরোপ করতে ভারতের সঙ্গে বিদ্যমান নৌ প্রটোকলে পরিবর্তন আনার পক্ষে সুপারিশ করা হয়।তবে এনবিআর সূত্রে জানা গেছে, যেহেতু একটি বৃহত্তর আঙ্গিকে ট্রানজিট দেওয়ার চিন্তাভাবনা চলছে। তাই এখন নৌ প্রটোকল সংশোধনের উদ্যোগ নেওয়া যথাযথ হবে না।প্রসঙ্গত, নৌ প্রটোকলের আওতায় বছরে পাঁচ কোটি টাকা দেয় ভারত। নাব্যতা আনতে খনন ও রক্ষণাবেক্ষণের জন্যই মূলত এই অর্থ দেওয়া হয়। তাই ট্রানজিট পণ্য আনা-নেওয়া করতে নৌ প্রটোকলের আওতায় কোনো মাশুল নেওয়ার সুযোগ নেই।