শিগগিরই ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা চান ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি চান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য জাতিসংঘ কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করুক। তিনি আশা প্রকাশ করেন যে শিল্পোন্নত দেশ চীন এতে সম্মতি দেবে। আজ বুধবার হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে বারাক ওবামা ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি জানান, তাঁরা মনে করেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সময় হয়েছে এবং এ ব্যাপারে ওয়াশিংটন ও প্যারিস চীন, রাশিয়া, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে আলোচনা করছে। ওবামা আরও বলেন, তিনি আশা করছেন যে এই বসন্তেই নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে তাঁরা একটি সিদ্ধান্তে আসতে পারবেন। এর আগে, গতকাল মঙ্গলবার গাতিনিউতে জি-৮ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠক শেষে ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে উপযুক্ত ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তাঁরা ইরানের সঙ্গে এ বিষয়ে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখারও পক্ষপাতী। উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত রাখায় ইরানের বিরুদ্ধে চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা দেশগুলোর মধ্যে কয়েক মাস ধরেই আলোচনা চলছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এর আগে বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারটি কূটনীতিরই একটি অংশ। তিনি অভিযোগ করেন, ইরান গত ১৫ মাস ধরে বারবার তার আন্তর্জাতিক দায়দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে।— রয়টার্স