শিগগিরই ডক্টরেট পাচ্ছেন আসাদের প্রেমিকা!
যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ডারনহাম বিশ্ববিদ্যালয় থেকে লামিস ওমর নামে সিরীয় এক নারী চলতি বছরের সেপ্টেম্বরে পিএইচডি ডিগ্রি অর্জন করতে যাচ্ছেন। ওই নারীর সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক আছে বলে কথিত রয়েছে।সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের সিরিয়া বিষয়ে প্রকাশিত গোপন ইমেইলে এ তথ্য পাওয়া গেছে। ওই ইমেইলের বরাত দিয়ে ডেইলি মেইল এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, প্রায় ৩০ বছর বয়সী লামিস ওমরের পিএইচডি গবেষণার বিষয় শেকসপিয়ার। তিনি বাশার আল আসাদ সরকারের প্রেসিডেন্সিয়াল-বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করছেন। প্রেসিডেন্টের বক্তব্য ইংরেজিতে অনুবাদ করাই তাঁর দাপ্তরিক কাজ।উইকিলিকসের প্রকাশিত গোপন ইমেইলের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, বাশার আল আসাদের সঙ্গে ওই নারীর আট শতাধিক ইমেইল আদান-প্রদান হয়েছে। এর মধ্যে একটি ইমেইলে থাকা একটি ছবিতে আভাস পাওয়া যায়, বাশার আল আসাদ ও লামিস ওমরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ইমেইলে দেখা যায়, লামিসের জন্য বাশার উপহার কিনেছেন। আবার লামিস বলেছেন, তিনি বাশারকে ভালোবাসেন।ইমেইলে লামিস দাবি করেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদ তাঁর এ ডিগ্রি অর্জনের খরচ বহন করছেন। তবে বাশার আল আসাদের কাছ থেকে শিক্ষাখরচ বাবদ অর্থ গ্রহণের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ওই নারীর সহপাঠীরা দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে বাসায় লামিস থাকেন, সেখানকার দেয়ালে বাশারের একটি বড় ছবিও রয়েছে।এদিকে যুক্তরাজ্যের রক্ষণশীল টোরি দলের পার্লামেন্ট সদস্য রবার্ট হালফন বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসাদ সরকারের একজন সদস্যকে কেন পড়াচ্ছে, এ ব্যাপারে প্রশ্ন তোলা দরকার।