শিগগিরই দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেবেন ওবামা
শিগগিরই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেবেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্রেটিক দলের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছেন। ডেমোক্রেটিক দলের কর্মকর্তারা জানান, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় অংশ নেওয়ার জন্য ওবামা আগামী সোমবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন। নির্বাচন কমিশন তাঁকে অনুমতি দিলে তিনি নির্বাচনী প্রচারণার জন্য অর্থ সংগ্রহ শুরু করবেন। রাজনৈতিক বিশ্লেষকেরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের ২০১২ সালের নির্বাচনে অতীত ব্যয়ের সব রেকর্ড ভঙ্গ হবে। দুই ডেমোক্র্যাট কর্মকর্তা জানিয়েছেন, পুনরায় প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ও নির্বাচন কমিশনে আবেদন দাখিলের ব্যাপারে এখনো সুনির্দিষ্ট সময় ঠিক করা হয়নি।রাষ্ট্র পরিচালনা নিয়ে ওবামা এখন ঘরে-বাইরে নানামুখী চাপে আছেন। ২০১০ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের বড় ধরনের ভরাডুবি ঘটেছে। তাই অনেকেই মনে করছেন, ওবামার বিজয়ের পথ এবার আর সহজ হবে না।