স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেশে পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকর করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা রাশেদ চৌধুরীকে আনতে সে দেশের অ্যাটর্নি জেনারেল অফিসের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সাহারা খাতুন বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে দুজনকে এই সরকারের মেয়াদেই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তাঁরা হলেন—নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী। নূর চৌধুরী কানাডায় ও রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে সরকার নিশ্চিত হয়েছে।সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় সাহারা খাতুন রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সে দেশের অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরকার রাশেদ চৌধুরীকে দেশে ফেরানোর ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার বলেছেন, আইনমন্ত্রী শফিক আহমেদের নেতৃত্বে একটি কমিটি বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরানোর ব্যাপারে কাজ করছে। এ সরকারের মেয়াদেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড পাওয়া নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি জানান।