শিগগিরই ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কাছে অচিরেই ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (এনআইএক্স) গঠনের সুপারিশ করেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি হাসানুল হক ইনু সংবাদ ব্রিফিংয়ে বলেন, এনআইএক্স গঠন হলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশকে আর আন্তর্জাতিক সার্কিট ব্যবহার করতে হবে না। এতে সরকারের টাকা বাঁচবে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাও বাড়বে। এর কারিগরি দিক বিবেচনা করে দ্রুত নীতিমালা করার জন্যও সরকারকে বলা হয়েছে। হাসানুল হক আরও জানান, গুগল, ইয়াহু, ফেসবুকসহ অন্য যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে, তাদের বাংলাদেশে আন্তর্জাতিক হোস্টিং সেন্টার খোলার আমন্ত্রণ জানানো হবে। এরই মধ্যে গুগল নিজ উদ্যোগে সরকারের কাছে হোস্টিং সেন্টার খোলার আগ্রহ প্রকাশ করেছে। সরকার তাদের প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। এটা হলে এনআইএক্স থেকে তাদের জন্য ব্যান্ডউইথ বরাদ্দ করা সম্ভব হবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড কমিটিকে (বিটিসিল) জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে এনআইএক্সয়ের কাজ শুরু করা সম্ভব হবে।হাসানুল হক বলেন, টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এ বছর ১৪ লাখ ৩৩ হাজার টাকা লাভ করেছে। এর আগের বছর প্রতিষ্ঠানটির লোকসান ছিল পাঁচ কোটি দুই লাখ টাকা। এখন থেকে প্রতিষ্ঠানটি পিএসটিএন ফোনসেট, মোবাইল ফোন চার্জার, মোবাইল ফোন ব্যাটারি ইত্যাদি তৈরি করবে। আগামী বছরের মাঝামাঝি সময়ে টেশিসের তৈরি ল্যাপটপ কম্পিউটার ১০ হাজার টাকায় বাজারে পাওয়া যাবে। এ ছাড়া কমিটি টেলিকম আইন অনুযায়ী আগামী মাসের মধ্যে সামাজিক দায়বদ্ধ তহবিল গঠনের সুপারিশও করেছে কমিটি। বৈঠকে কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, হুইপ আ স ম ফিরোজ, নজরুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।