শিগগিরই পদত্যাগ করছেন বিপিপ্রধান
বিপির প্রধান নির্বাহী টনি হেওয়ার্ড আগামী মঙ্গলবার বিখ্যাত এই তেল কোম্পানির অর্ধবার্ষিক ফলাফল প্রকাশের আগেই পদত্যাগ করতে যাচ্ছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আজ রোববার সিনহুয়া এ তথ্য জানায়।সানডে টেলিগ্রাফ পত্রিকা বলেছে, মেক্সিকো উপসাগরে তেল ছড়িয়ে পড়ার সংকট মোকাবিলায় তাঁর নেওয়া পদক্ষেপের সমালোচনার পরিপ্রেক্ষিতে টনি হেওয়ার্ড মঙ্গলবারের আগেই পদত্যাগ করবেন। গত কয়েক দিন ধরে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে আভাস দেওয়া হচ্ছিল, হেওয়ার্ড সামনের সপ্তাহগুলোর যেকোনো দিন পদত্যাগ করতে পারেন।সানডে টেলিগ্রাফ আরও জানায়, হেওয়ার্ডের পদত্যাগ প্যাকেজ নিয়ে বিবাদ বাধতে পারে, যার আওতায় প্রধান নির্বাহী কর্মকর্তাকে কমপক্ষে ১০ লাখ পাউন্ড প্রদান করতে হতে পারে।আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) হিসাব অনুযায়ী, গত ২০ এপ্রিলে বিপির ডিপওয়াটার হরাইজন তেল প্ল্যাটফর্মে যে বিস্ফোরণে ১১ জন কর্মী নিহত হন এবং রিগটি ডুবে যায় তার ফলে ২৩ থেকে ৪৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে।