শিগগিরই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাকশিল্পে ভাঙচুরে উসকানিদাতাদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার শিগগিরই শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করবে। বেতন-কাঠামোর ব্যাপারে মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তাই তিনি শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান।আজ মঙ্গলবার সকালে গণভবনে যুব মহিলা লীগের অষ্টম ও মহিলা শ্রমিক লীগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমনন্ত্রী এসব কথা বলেন।একই ধরনের কাজ করে পুরুষের তুলনায় নারীশ্রমিকদের কম পারিশ্রমিক পাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এ ধরনের বৈষম্য দূর করার জন্যে কাজ করছে।শেখ হাসিনা বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের যে পরিমাণ মজুরি দেওয়া হয়, তা দিয়ে তাঁদের চলে না। কিন্তু ভাঙচুর করে তাঁদের কোনো লাভ হবে না। কারণ ভাঙচুরের পর বেশির ভাগ মালিকেরই কোনো ক্ষতি হয় না। তাঁরা বিমা থেকে ক্ষতিপূরণ পেয়ে যান। উল্টো ভাঙচুরের মাশুল গুনতে হয় শ্রমিকদেরই।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধানে নারী-পুরুষের সম-অধিকারের কথা বলা আছে। আওয়ামী লীগ সব সময়ই নারীদের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।’‘কর্মক্ষেত্রে মহিলারা দক্ষতার পরিচয় দিচ্ছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শিক্ষা-দীক্ষায় নিজেদের যোগ্য করে তুলে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা কাজে লাগনোর জন্যে নারীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বেশ কয়েকজন মহিলা। গত নির্বাচনে একমাত্র আওয়ামী লীগই সবচেয়ে বেশি ১৭ জন মহিলাকে মনোনয়ন দিয়েছিল। এঁদের মধ্যে একজন বাদে সবাই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে এসেছেন।’বিএনপির দুর্নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ছাড়া পাঁচ বছরে কেউ হাজার কোটি টাকার মালিক হতে পারে না। তিনি বলেন, যেকোনো মূল্যে দুর্নীতি-বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কারণ দুর্নীতিমুক্ত না হলে দেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়।প্রধানমন্ত্রী বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে হাইকোর্টের নির্দেশে কমিশন গঠন করা হয়েছে। বাসস