শিগগিরই বিদ্যুত্ যাচ্ছে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুত্সুবিধাবঞ্চিত ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের ভারত সফর শুরু হওয়ার আগেই ছিটমহলের বাসিন্দারা বিদ্যুত্ পাবে বলে আশা করা যাচ্ছে। সদিচ্ছার বহিঃপ্রকাশ ও মানবিক পদক্ষেপের অংশ হিসেবে তা বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ও ভারত। তিনবিঘা করিডরের মাধ্যমে এই বিদ্যুত্ সরবরাহ করা হবে। আগে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে তিনবিঘা করিডরের ওপর দিয়ে ছিটমহলে বিদ্যুত্ দেওয়ার অনুমতি ছিল না। শেখ হাসিনার এই সফরের প্রস্তুতির লক্ষ্যে ২০০৯ সালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ভারত সফর করেন। এ সময় দুই পক্ষ স্থলসীমানা-সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপের ব্যাপারে একমত হয়। দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল এবং তিনবিঘা করিডরবিষয়ক সব অমীমাংসিত বিষয় সমাধানে দুই পক্ষই তখন প্রবল আগ্রহ প্রকাশ করে। মানবিক দিক বিবেচনা করে দহগ্রাম-আঙ্গরপোতায় বিদ্যুত্ সরবরাহের প্রয়োজনীয়তার বিষয়টি ঢাকা ও নয়াদিল্লি মেনে নেয়। দীপু মনির ভারত সফরের পর বিদ্যুত্ বিভাগের একটি উচ্চপর্যায়ের দল পরিস্থিতি যাচাইয়ে দহগ্রাম-আঙ্গরপোতা সফর করে। লালমনিরহাট জেলা সদর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত এই ছিটমহলের বাসিন্দারা দুঃখ প্রকাশ করে বলেন, ১৯৮৫ সালে সরকার খুঁটি পুঁতে বিদ্যুতের তার টানিয়েছিল, কিন্তু আজও বিদ্যুত্ দেওয়া হয়নি। ২০০৮ সালে ওই ছিটমহলের কিছু বাসিন্দা বিদ্যুত্সুবিধা পান। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের স্থাপন করা সৌরশক্তিচালিত বিদ্যুেকন্দ্রের মাধ্যমে সেখানকার ১০০টি বাড়িতে বিদ্যুত্ দেওয়া হয়।