শিগগিরই ভূগর্ভস্থ ইউরেনিয়াম প্ল্যান্ট চালু করবে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান খুব শিগগিরই তার ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট বা কেন্দ্র চালু করতে যাচ্ছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে ইরানের একটি গণমাধ্যম গতকাল রোববার এ তথ্য জানায়। অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অভিযোগ করে আসছে যে ইরান পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়ামের সংগ্রহ বাড়াচ্ছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালুর ঘোষণায় এ-সংক্রান্ত নতুন আলোচনার পথ বন্ধ হওয়া ছাড়াও পশ্চিমা বিশ্বের উদ্বেগ আরও বাড়ল।ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ফেরেদুন আব্বাসি দাবানি বলেন, অদূর ভবিষ্যতে ফোরদো পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে কাজ শুরু হবে। গত কয়েক মাস ধরেই ইরান বলে আসছে, তারা ফোরদো কেন্দ্রে পাহাড়ের নিচে সুরক্ষিতভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। কূটনৈতিকদের ধারণা, ইরান তাদের ইউরেনিয়ামের বড় একটি অংশ এ কেন্দ্রে সরিয়ে নিয়ে যাবে। পাহাড়ের নিচে অবস্থিত হওয়ায় শত্রুর হামলায় নিরাপদ থাকবে ভূগর্ভস্থ এই পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহূত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি।উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর দাবি—গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান, কিন্তু ইরান বলছে, তারা শুধু বিদ্যুত্ উত্পাদনের জন্যই শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।