শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচারের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চিহ্নিত একটি গোষ্ঠী সম্প্রতি ধর্মকে রাজনীতির ইস্যু করে ফায়দা লুটার চেষ্টা করছে এবং যুদ্ধাপরাধীদের রক্ষায় বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণা করা হবে।স্থানীয় সরকার মন্ত্রী আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘শুভ কঠিন চীবরদান ও জাতীয় বৌদ্ধ ধর্মীয় মহাসম্মেলন ২০১২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খবর বাসসের। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে দেখতে চায় না, তারাই রামু ও পটিয়ার ঘটনা ঘটিয়েছে। তাদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।মেরুল বাড্ডা বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত কঠিন চীবরদান ও মহাসম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ধর্মসেন মহাথেরো।বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ একেএম রহমতউল্লাহ, ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন ও শ্রীলংকার হাইকমিশনার শরত্ কেওয়ারাগুদা।আরও বক্তৃতা করেন বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি বিশ্বপতি বড়ুয়া, সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া ও উত্সব উদযাপন কমিটির চেয়ারম্যান শাক্য প্রিয় বড়ুয়া।স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতার ওপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়নি। বর্তমান সরকারও সাম্প্রদায়িকতা এবং ধর্মের হানাহানিতে বিশ্বাসী নয়। তাই কোন গোষ্ঠীকেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রামুর ঘটনা উল্লেখ করে বলেন, সরকার যখন জঙ্গিবাদ ও দুর্নীতি কঠিন হস্তে দমন করছে, তখনই ধর্মান্ধ মৌলবাদী শক্তি রামু ও পটিয়ায় সাম্প্রদায়িক ছোবল মেরেছে। তারা বাঙালির হাজার বছরের সম্প্রীতির গৌরবে কালিমা লেপন করে দিয়েছে। যারা রামু ও পটিয়ার ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, সরকার যখন জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের দমনে যুদ্ধ ঘোষণা করেছে, তখন দেশের ভেতরেরই কেউ কেউ তাদের রক্ষায় দেশে-বিদেশে নানাভাবে চেষ্টা করে চলেছে।বর্তমান মহাজোট সরকার তাদের চেষ্টা সফল হতে দেবে না। বাংলার মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও যুদ্ধাপরাধীদের বিচার হবেই।