শিগগিরই শেষ হচ্ছে সাগর-রুনি হত্যার তদন্ত
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত শিগগিরই শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আজ সোমবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের খুঁজে বের করতে রাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি এর মধ্যেই সাংবাদিকদের জানানো হয়েছে। শিগগিরই এ তদন্তের সমাপনী সম্পর্কে জানাতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন। আজ সকালে তিনি নারায়ণপুর ডিগ্রি কলেজের একটি ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।চার দিনের সফরে ২৬ অক্টোবর নিজের নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলায় যান স্বরাষ্ট্রমন্ত্রী। সফর শেষে আজ দুপুরে ঢাকার উদ্দেশে কচুয়া ত্যাগ করেন তিনি।