শিগগিরই সংবিধান সংশোধন প্রস্তাবনা চূড়ান্ত হবে: সুরঞ্জিত
সংবিধান সংশোধন প্রস্তাবনা শিগগিরই চূড়ান্ত করে সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। আজ মঙ্গলবার দুপুরে কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ লক্ষ্যে কমিটি আগামী ৪-৬ সেপ্টেম্বর তিনটি বৈঠক করবে। ৪ সেপ্টেম্বরের বৈঠকটি হবে বিশেষ বৈঠক। ওই বৈঠকে কমিটির ১৫ সদস্য ছাড়া অন্য কেউ উপস্থিত থাকতে পারবেন না। ৫ ও ৬ সেপ্টেম্বর সাধারণ বৈঠক হবে। এসব বৈঠকে সংবিধানের অনুচ্ছেদগুলো দফাওয়ারি আলোচনা করা হবে। সুপ্রিম কোর্টের রায় এবং নির্দেশনাও দেখা হবে। সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, সংবিধান সংশোধন বিষয়ে সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টের রায় ও চলমান রাজনীতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর যত তাড়াতাড়ি সম্ভব সেটি সংসদে উপস্থাপন করা হবে। প্রসঙ্গত, আদালতের দেওয়া রায়ের ভিত্তিতে সংবিধান সংশোধনের লক্ষ্যে গত ২১ জুলাই জাতীয় সংসদে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান এবং সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।