শিগগিরই সরকার পতন আন্দোলনের হুমকি বিএনপির
সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে—এ অভিযোগ করে খুব শিগগির সরকার পতনের সর্বাত্মক আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন বিএনপির নেতারা। আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাদাভাবে আলাপকালে বিএনপির সহসভাপতি এম কে আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা গয়েশ্বর রায় লাগাতার হরতাল, লং-মার্চ বা রোড মার্চের মতো কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন।মির্জা ফকরুল ইসলাম বলেছেন, ‘এটা শুধু খালেদা জিয়ার বাড়ির ইস্যু নয়, সরকার তার প্রতিশ্রুতি পূরণে ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।’ বিএনপির স্থায়ী কমিটির পরবর্তী সভায় কঠোর আন্দোলনের পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।সরকারবিরোধী আন্দোলনে হরতাল, লং-মার্চ বা রোড মার্চের কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বিএনপির সহসভাপতি এম কে আনোয়ার।হরতালের প্রতি সমর্থন দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর রায়। তিনি বলেছেন, আমরা যদি হালকা কোনো কর্মসূচি ঘোষণা করি, তাহলে সরকার আমাদের দুর্বল বলে উপেক্ষা করবে। —ইউএনবি