শিগগিরই সীমান্ত চুক্তি অনুমোদন করবে ভারত, প্রণবের আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আশা প্রকাশ করেছেন, লোকসভার চলতি বাজেট অধিবেশনে ’৭৪-এর স্থল সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনীর প্রস্তাব উত্থাপিত হবে এবং তা পাসও হবে। তিনি আজ রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে তাঁর এ আশাবাদের কথা জানিয়েছেন। প্রণব মুখার্জি শিগগিরই তিস্তা চুক্তি সইয়ের ব্যাপারেও পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস দেন।বিকেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে এক সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন রাষ্ট্রপতি প্রণব। ভারতের রাষ্ট্রপতি তিন দিনের সফরে আজ দুপুরে স্ত্রী শুভ্রা মুখার্জিকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেছেন। অনুদানের দ্বিতীয় কিস্তি আগামী মাসেভারতের ঋণ চুক্তির আওতায় ২০ কোটি ডলার অনুদানের পুরোটাই পদ্মা সেতুর নির্মাণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা বলেন মুহিত। অর্থমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রপতি তাঁকে জানিয়েছেন, অনুদানের ২০ কোটি ডলারের দ্বিতীয় কিস্তিতে আরও পাঁচ কোটি ডলার পাবে বাংলাদেশ। এই অর্থ আগামী মাসেই ছাড় করা হবে। অর্থমন্ত্রী আরও বলেন, বৈঠকে ভারতের রাষ্ট্রপতি নিজস্ব উদ্যোগে পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা নিয়ে তাঁর কাছে জানতে চেয়েছিলেন। অর্থমন্ত্রী তাঁকে বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন স্থিতিশীল। লেনদেন ভারসাম্য ও রিজার্ভসহ অন্যান্য সূচকও ভালো অবস্থানে রয়েছে। সুতরাং প্রতিবছর ধাপে ধাপে এ প্রকল্পের জন্য অর্থ জোগানো সরকারের পক্ষে সম্ভব।প্রসঙ্গত, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ১০০ কোটি ডলার ঋণ দেয় ভারত। ওই ঋণের মধ্যে ভারত গত বছর ২০ কোটি ডলার অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ প্রথম কিস্তির পাঁচ কোটি ডলারের চেক এর আগে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।