শিঙই এখন প্রাণ নিচ্ছে গন্ডারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার বন্য প্রাণী গন্ডারের আত্মরক্ষার মোক্ষম অস্ত্রটি হচ্ছে নাকের ওপর বসে থাকা শক্ত ছুঁচালো শিঙ। কিন্তু এই শিঙই এখন গন্ডারের প্রাণসংহারের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই শিঙ দিয়ে ধন্বন্তরী ওষুধ তৈরি হয় বলে মনে করে থাকে একশ্রেণীর মানুষ। এ জন্য কালোবাজারে গন্ডারের শিঙের খুব চাহিদা। এই চাহিদার জোগান দিতে অবৈধ শিকারিদের হাতে দেদার মারা পড়ছে গন্ডার। এমনকি গন্ডার মেরে ফেলার ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকারি তথ্যের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্সের খবরে তা জানানো হয়। খবরে বলা হয়, গন্ডারের সবচেয়ে বড় আবাসভূমি হিসেবে খ্যাত দক্ষিণ আফ্রিকায় এ প্রাণী হত্যার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। শিঙ দিয়ে ক্যানসারসহ কিছু কার্যকর ওষুধ তৈরি হয় বলে ধারণা প্রচলিত আছে। এ নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। কিন্তু এই বিতর্ককে পিছু হটিয়ে কালোবাজারে ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে গন্ডারের শিঙের। এতে গন্ডার শিকারের ঘটনা বেড়ে গেছে, যা আন্তর্জাতিক বন্য প্রাণী সংরক্ষণ আইনে গুরুতর দণ্ডনীয় অপরাধ। সরকারি তথ্যমতে, চলতি বছর দক্ষিণ আফ্রিকায় ৪৫৫টি গন্ডার মেরে ফেলা হয়। এ প্রবণতার কারণে সংখ্যায় কমতে থাকা গন্ডারের অস্তিত্ব এখন হুমকির মুখে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় ১৩টি গন্ডার হত্যা করা হয়। ২০১১ সালে এই সংখ্যা বেড়ে ৪৪৮টিতে পৌঁছায়। চলতি বছর অতীতের সব হিসাব ভেঙে দিয়ে গন্ডার হত্যার সংখ্যা দাঁড়ায় ৪৫৫। বিশেষ করে এশিয়ার বাজারে গন্ডারের শিঙের দাম বেড়ে যাওয়ায় এই প্রাণী হত্যা ও পাচারের পরিমাণ বেড়ে গেছে। বর্তমানে এ অঞ্চলের কালোবাজারে প্রতি কেজি শিঙের দাম ৬৫ হাজার ডলার, যা স্বর্ণের দামের চেয়েও বেশি। চীন, ভিয়েতনামসহ এশিয়ার বিভিন্ন দেশে প্রাণঘাতী কিছু ওষুধ তৈরিতে গন্ডারের শিঙ ব্যবহূত হয়। তবে বিজ্ঞানীরা বলছেন, হাতের নখ ও গন্ডারের শিং একই উপাদানে গঠিত। আর এতে কোনো চিকিত্সা উপকরণ নেই। দক্ষিণ আফ্রিকায় এখন প্রায় ২০ হাজার গন্ডার আছে, যা আফ্রিকীয় অঞ্চলের প্রায় ৯০ শতাংশ। গন্ডার হত্যা ও পাচার কমাতে ওই দেশের সরকার নানা পদক্ষেপ নিলেও তা কাজে আসছে না। পাচার বন্ধে চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার সীমান্তে সেনা মোতায়েন করেছে সরকার। তা ছাড়া এ বছর গন্ডার পাচারের অভিযোগ ২০৭ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাণী সংরক্ষণ সংগঠন এনডেঞ্জার ওয়াইল্ডলাইফ ট্রাস্ট গন্ডার হত্যার ঘটনাকে খুব দুঃখজনক বলে মন্তব্য করেছে।