শিডিউল বিক্রি ১০৬টি, জমা পড়ল ৮টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাত কোটি ১৪ লাখ টাকার কাজের দরপত্রের বিক্রি হওয়া ১০৬টি শিডিউলের মধ্যে জমা পড়েছে মাত্র আটটি। এলজিইডির নির্বাহী প্রকৌশলী এত কমসংখ্যক শিডিউল জমা পড়ার ঘটনাকে ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছেন। এদিকে স্থানীয় ঠিকাদারেরা অভিযোগ করেছেন, ছাত্রলীগের কর্মীরা তাঁদের শিডিউল জমা দিতে দেননি।ফরিদপুর এলজিইডি সূত্রে জানা গেছে, সম্প্রতি সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট প্রকল্পের (এসডব্লিউবিআরডিপি) আওতায় সাত কোটি ১৪ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। এ প্রকল্পে বাখুণ্ডা থেকে হাজীগঞ্জ হয়ে হাটগজারিয়া পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক সংস্কারের জন্য বরাদ্দ করা হয় দুই কোটি ১৪ লাখ টাকা। এ ছাড়া সালথার চণ্ডিবর্দি থেকে কালীনগর পর্যন্ত সড়কে চারটি সেতু নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় পাঁচ কোটি টাকা। গত সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত দরপত্রের শিডিউল বিক্রির সময়সীমা ধার্য ছিল। জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত।ফরিদপুর এলজিইডির সহকারী প্রকৌশলী মোনায়েম সরকার বলেন, মোট ১০৬টি শিডিউল বিক্রি হয়েছে। কিন্তু গতকাল বেলা একটা পর্যন্ত মাত্র আটটি শিডিউল জমা পড়েছে।ফরিদপুর শহরের আলীপুর এলাকার ঠিকাদার মুরাদ হোসেন বলেন, তিনি দুপুর ১২টার দিকে এলজিইডির কার্যালয়ে দরপত্র জমা দিতে গেলে পুলিশের সামনেই ফাহাদ বিন ওয়াজেদসহ ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী তাঁকে বাধা দেন। শেষ পর্যন্ত শিডিউল জমা না দিয়েই তিনি ফিরে যেতে বাধ্য হন। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন ঠিকাদার বলেন, শিডিউল জমা দিতে গিয়ে তাঁরা দেখতে পান, দরপত্রের বাক্সটি ঘিরে রেখেছেন ছাত্রলীগের কর্মীরা। ওই কর্মীরা তাঁদের বাক্সের কাছে ঘেঁষতেই দেননি। অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে ছাত্রলীগের কর্মী ফাহাদ বিন ওয়াজেদ দাবি করেন, তিনি গতকাল এলজিইডি ভবনে যাননি। তাই শিডিউল জমা দানে কাউকে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না।ফাহাদ বিন ওয়াজেদ ছাত্রলীগের কর্মী—এ তথ্যটি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি তাওসিফ হোসেন।মাত্র আটটি শিডিউল জমা পড়ার ঘটনাটি বিস্ময়কর উল্লেখ করে ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. আবদুল্লাহ আব্-দাদ বলেন, শিডিউল জমা দানে ছাত্রলীগের কর্মীদের বাধা দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।যোগাযোগ করা হলে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, পুলিশের সামনে শিডিউল জমা দানে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।