শিডিউল বিক্রি ৫৭টি জমা পড়ল পাঁচটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার গণপূর্ত বিভাগের পাঁচ কোটি টাকার কাজের জন্য ঠিকাদারেরা সমঝোতা করে মাত্র পাঁচটি দরপত্র জমা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ কাজের জন্য শিডিউল বিক্রি হয়েছিল ৫৭টি। গতকাল বুধবার দরপত্র জমা দেওয়ার শেষ দিনে জমা পড়ে মাত্র পাঁচটি। সাতক্ষীরা গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, পাঁচ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে সাতক্ষীরার বেনেরপোতা এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আবাসিক ভবন নির্মাণের জন্য গত ১৮ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হয়। শিডিউল বিক্রির শেষ দিন ছিল গত মঙ্গলবার। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত। সূত্র জানায়, শিডিউল বিক্রি হয় মোট ৫৭টি। কিন্তু গতকাল মাত্র পাঁচটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। প্রতিষ্ঠানগুলো হলো: যশোরের মেসার্স নূর হোসেন, মেসার্স এস এস কনস্ট্রাকশন, মেসার্স আবদুর রাজ্জাক, খুলনার শহীদ এন্টারপ্রাইজ ও ঢাকার মোনায়েম লিমিটেড। শিডিউল কিনেও জমা দিতে না পারা কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, দরপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল শহরতলির এক বাগানবাড়িতে সমঝোতা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয়, এ কাজে সহায়তার জন্য সাতক্ষীরা গণপূর্ত বিভাগকে দেওয়া হবে শতকরা ১ ভাগ অর্থ। এ ছাড়া দরপত্র জমা দেওয়ার সময় যারা মহড়া দেবে, তাদের দেওয়া হবে শতকরা ৫০ পয়সা ও শিডিউল কেনার পর দরপত্র জমা না দেওয়া ঠিকাদারেরা পাবে শতকরা আড়াই ভাগ অর্থ। ঠিকাদারেরা অভিযোগ করেন, সাতক্ষীরা শহরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন ওরফে কালু, একজন প্রভাবশালী ঠিকাদারের সহযোগী আবদুর গফুর ও যুবলীগের এক নেতার নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন যুবক গতকাল সকাল থেকে সাতক্ষীরা গণপূর্ত বিভাগের সামনে মহড়া দিতে থাকে। নির্ধারিত পাঁচ ঠিকাদার ছাড়া অন্য ঠিকাদারেরা দরপত্র জমা দিতে গেলে তাঁদের লাঞ্ছিতও করা হয়। তবে ভয়ে ওই ঠিকাদারেরা নাম প্রকাশ করতে রাজি হচ্ছেন না।আওয়ামী লীগের নেতা শেখ জাহাঙ্গীর হোসেন ও আবদুর গফুর জানান, শিডিউল কেনা অধিকাংশ ঠিকাদারের ওই দরপত্রে অংশ নেওয়ার মতো যোগ্যতা নেই। অনেকের জামানতের টাকা নেই। এ কারণে ঠিকাদারেরা দরপত্র জমা দিতে পারেননি। সমঝোতার মাধ্যমে কিছু টাকা পাওয়ার জন্যই অধিকাংশ ঠিকাদার শিডিউল কেনেন। কোনো প্রকার মহড়া বা কাউকে দরপত্র জমা দিতে বাধা দেওয়ার কথা তাঁরা অস্বীকার করেন। সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জাফর আহমেদ জানান, দরপত্র-প্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে হয়েছে। গণপূর্ত বিভাগের চত্বরের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। কেউ কোনো অভিযোগও করেনি। গণপূর্ত বিভাগকে শতকরা ১ ভাগ টাকা দেওয়ার বিষয়টিও তাঁর জানা নেই।একটি সূত্র জানায়, এর আগে সাতক্ষীরার সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রায় সাড়ে ১২ কোটি টাকার কাজ গত ১০ অক্টোবর ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন কয়েকজন ঠিকাদার। আট গ্রুপের ওই কাজের জন্য শিডিউল বিক্রি হয় ৭৫টি। শেষ দিনে দরপত্র জমা পড়ে মাত্র ২০টি। সমঝোতার মাধ্যমে দরপত্র পড়ায় এতে সরকারের প্রায় চার কোটি টাকা ক্ষতি হয়।সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম জানান, কাজ ভাগ-বাটোয়ারা বা সমঝোতার বিষয়ে তাঁর কিছু জানা নেই।