শিপব্রেকিং ইয়ার্ডের মালিক-শ্রমিকদের ট্রাক মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো জাহাজ আমদানি নীতি বাতিলের দাবিতে এবার শিপব্রেকিং ইয়ার্ডের মালিক ও শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক মিছিল করেছে। আজ শনিবার দুপুর ১২টায় সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে স্ক্র্যাপ জাহাজ ব্যবসায় সম্পৃক্ত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ মিছিল বের হয়।বারো আউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মিছিল শুরুর আগে বেলা ১১টা থেকে তারা মিছিল করে ফৌজদারহাটে জমায়েত হতে শুরু করে। প্রায় ৫০-৬০টি ট্রাকে করে বিভিন্ন ইয়ার্ড থেকে আসা শ্রমিকেরা মিছিলে অংশ নেন। এ ছাড়া বেশ কিছু মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে বেশ কয়েকজন ইয়ার্ড মালিক ও তাঁদের অনুগত লোকজন এতে অংশ নেন। মিছিলটি কুমিরা এলাকা ঘুরে ভাটিয়ারিতে এসে শেষ হয়। মিছিলের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়; যা বেলা একটা পর্যন্ত অব্যাহত ছিল।একই দাবিতে আন্দোলনের অংশ হিসেবে মালিকেরা গত ২১ ফেব্রুয়ারি থেকে গত বুধবার পর্যন্ত ইয়ার্ডগুলোও বন্ধ রাখেন। প্রসঙ্গত, স্ক্র্যাপ জাহাজ আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের পরিবেশগত ছাড়পত্র নেওয়ার সরকারি আদেশ প্রত্যাহারের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করে আসছে।