শিব সেনা পাকিস্তানকে মুম্বাইয়ে খেলতে দেবে না!
পাকিস্তান যদি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ওঠে, তাহলে তাদেরকে মুম্বাইয়ে খেলতে দেওয়া না-ও হতে পারে। ভারতে মহারাষ্ট্রের ডানপন্থী দল শিব সেনার জ্যেষ্ঠ নেতা মনোহর যোশির বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছেন। আগামী ২ এপ্রিল মুম্বাইয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শিব সেনার জ্যেষ্ঠ নেতা মনোহর যোশি বলেছেন, ‘ফাইনালে পাকিস্তান ক্রিকেট দলকে মুম্বাইয়ের মাটিতে খেলতে দেওয়া হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন দলের সর্বোচ্চ নেতা বাল ঠাকরে। তিনি আদেশ দিলে তা অমান্য করবে কে? এখন আমরা দেখছি, পাকিস্তান ফাইনালে পৌঁছতে পারে কি না।’যোশি আরও বলেন, ‘শিব সেনা সব সময়ই মুম্বাইয়ে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার বিরোধিতা করে। শিব সেনারা অতীতে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে বাল ঠাকরে সাহেবের আদেশ পালন করেছে।’তবে শিব সেনা নেতা যোশি তাঁর মন্তব্যে উল্লেখ করেন, প্রথমত, পাকিস্তান সেমি-ফাইনালে আসতে পারবে না। আর যদি আসেও, এ বিষয়ে ঠাকরে সাহেব সিদ্ধান্ত নেবেন। যোশির এ বিবৃতিকে বেশ গুরুত্বসহকারে দেখা হচ্ছে। কারণ, তিনি শিব সেনার একজন প্রভাবশালী ব্যক্তি। বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানি ক্রিকেট দলের বিরুদ্ধে শিব সেনার এমন মনোভাব বাস্তবায়ন করা সহজ হবে না। ১৯৯০ সালেও তারা এমনটাই বলেছিল। গত এক দশকে পরিস্থিতি অনেক বদলে গেছে। অন্তর্কোন্দলে দলটি অনেক শক্তি হারিয়েছে। দুটি নির্বাচনে তারা চরমভাবে পরাজিত হয়েছে। তাছাড়া শিব সেনা এ প্রজন্মের মারাঠিদের কাছে জনসমর্থনও হারিয়েছে। শিব সেনার পাকিস্তানবিরোধী ভূমিকা মানুষের কাছে এখন আর তেমন আলোড়ন সৃষ্টি করে না।