শিবগঞ্জ-পিরব সড়কের দশা নাজুক
‘অ ড্রাইভার ভাই, গারি আস্তে চালান, নাইলে চাকা খুল্যা গাড়ি খাদের মদ্যে পড়্যা যাবি।’ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আঞ্চলিক ভাষায় এক বাসযাত্রী বাসের চালকের উদ্দেশে কথাগুলো বললেন। ২০ জুলাই শিবগঞ্জ-পিরব সড়কে একটি বাসে চালকের সঙ্গে যাত্রীর এই কথোপকথন শোনা যায়।চালক, হেলপার ও যাত্রীরা জানান, এ সড়কের ত্রিমোহনী থেকে জামুরহাট পর্যন্ত আধা কিলোমিটারে একাধিক স্থানে এ রকম গর্তের সৃষ্টি হয়েছে। পিচ উঠে গেছে। ফলে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ঘটে দুর্ঘটনাও। আর দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও এলাকার লোকজনের। প্রতিবছর বর্ষা মৌসুমে সড়কের নির্দিষ্ট কিছু স্থানে গর্তের সৃষ্টি হলেও এ সমস্যার স্থায়ী কোনো সমাধান হচ্ছে না।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বর্ষায় সড়কের এ স্থানে গর্তের সৃষ্টি হয়। এর মধ্যে কামতারা গ্রামের সামনে সড়কের অবস্থা সবচেয়ে করুণ। কার্পেটিং উঠে গিয়ে খোয়া বের হয়ে গেছে। স্থানে স্থানে গভীর গর্ত, খানাখন্দক এবং ডোবার সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টিতেই এসব গর্ত ও খাদে পানি জমছে। এ সময় ভারী যান চলাচল দূরে থাক; ভ্যান-রিকশা, সাইকেল এমনকি হেঁটেও যাতায়াত করতে সমস্যায় পড়তে হয়। অথচ এ সড়ক দিয়ে প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার মানুষ চলাচল করে।উপজেলার মুরইল গ্রাম থেকে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন আনোয়ার হোসেন (৪০)। তিনি উপজেলা সদরে ব্যবসা করেন। আনোয়ার হোসেন জানান, সড়কের অবস্থা এতটাই খারাপ যে বাসে চড়ে আসতে তাঁর ভয় করে। কখন যে উল্টে যায় সেই আতঙ্কে থাকেন। সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের দাবি করেন তিনি। বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম বলেন, মূলত পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় সড়কটির অবস্থা দ্রুত বেহাল হয়ে পড়ছে। এখন সড়কটির অবস্থা এতটাই করুণ যে যানবাহন চলে লাফিয়ে লাফিয়ে।চকঝিনাহার গ্রামের শিক্ষক মেজবাউল হক জানান, বিধ্বস্ত সড়কে রিকশা-ভ্যানে যাতায়াত দুষ্কর। হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।বুড়িগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবদুুল গফুর মণ্ডল বলেন, সড়কটি সংস্কারের জন্য বারবার বিভিন্ন জায়গায় ধরনা দেওয়া হয়েছে। অথচ সংশ্লিষ্ট ব্যক্তিরা সংস্কারের কোনো পদক্ষেপ নিচ্ছে না।উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম জানান, সড়কটির ওই অংশের কারণে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।