শিবগঞ্জে অগ্নিনির্বাপক কেন্দ্র নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগুনে হামার চারখান ঘর চোকের সামনোত পুড়্যা গেল। ঘরের ক্যাঁথা-বালুশ, ঘটিবাটি যা আছল সব শ্যাষ কর‌্যা দিচে। চোকের সামনোত সব পুড়্যা ছারখার হয়্যা গেল। কিন্তুক কিচু করব্যার পারনো না হামরা।’ এই আর্তনাদ আগুনে ভস্মিভূত ঘরহারা এক অসহায় মোশারফ হোসেনের। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিলপাড়া গ্রামে গত ২২ এপ্রিল অগ্নিকাণ্ডে তাঁর চারটি ঘর পুড়ে যায়। সঙ্গে লক্ষাধিক টাকার মালামালও। এ উপজেলায় প্রতিবছর আগুনে পুড়ে অসংখ্য পরিবার মোশারফ হোসেনের মতো আর্তনাদ করে। তাদের আর্তনাদ কারও কানে পৌঁছায় না। এ উপজেলায় অগ্নিনির্বাপক কেন্দ্র স্থাপনের দাবি দীর্ঘদিনের। এ দাবিতে শিবগঞ্জ উন্নয়ন কমিটি (শিউক) আন্দোলন করে আসছে। গত সরকারের আমলে অগ্নিনির্বাপক কেন্দ্র স্থাপনের বিষয়টি হবে হবে করেও শেষ পর্যন্ত আর হয়নি। শিউকের মহাসচিব তৌহিদুর রহমান বলেন, ‘আমরা ফায়ার সার্ভিসের দাবিতে প্রশাসনের বিভিন্ন জায়গায় লিখিত আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত সরকারের কোনো উদ্যোগ নেই।’ উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেন, ‘এ উপজেলায় অগ্নিনির্বাপক কেন্দ্র স্থাপনের দাবি দীর্ঘদিনের। অনেকভাবে প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে না অগ্নিনির্বাপক কেন্দ্র, তবে আমি জোর চেষ্টা চালিয়ে যাব কেন্দ্রটি স্থাপনের জন্য।’এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, ‘সামনে সংসদ অধিবেশনে এ ব্যাপারে আমি দাবি জানাব।’