শিবগঞ্জে আগামী মৌসুমে ভালো আলুবীজ-সংকটের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আগামী মৌসুমে মানসম্পন্ন আলুবীজ-সংকটের আশঙ্কা রয়েছে। একদিকে যেমন বীজ সংরক্ষণের জায়গা নেই, অন্যদিকে কৃষকেরা স্থানীয় পদ্ধতিতে যেসব আলুবীজ সংরক্ষণ করছেন তার মান বজায় থাকছে না। বিএডিসি যে মানসম্পন্ন আলুবীজ সরবরাহ করে থাকে তাও চাহিদার মাত্র ১০ ভাগ। গত বছরের তুলনায় বস্তাপ্রতি (৮৪ কেজি) ৪০ থেকে ৭০ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে হিমাগারগুলোতে। বেশি ভাড়া দিতেও রাজি কৃষকেরা। তবুও ঠাঁই মেলেনি তাঁদের।হিমাগারের জায়গা না পেয়ে এবার এ উপজেলার দুই লাখ ৬৮ হাজার ৩০ মেট্রিক টন আলু নিয়ে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। এত আলু রাখবেন কোথায় তা ভেবে পাচ্ছেন না। বাজারে আলুর দাম প্রতিনিয়ত কমছে। এখন এক মণ আলু মাত্র ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সামনে দাম আরও কমবে বলে আশঙ্কা রয়েছে। চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে আলু চাষ হয়েছে এ উপজেলায়। আবার ফলনও হয়েছে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। কৃষি বিভাগ এবার এ উপজেলার ১৪ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও প্রকৃতপক্ষে এ উপজেলায় প্রায় ১৭ হাজার ৩০ হেক্টর জমিতে আলু চাষ করে তিন লাখ ৫৭ হাজার ৬৩০ মেট্রিক টন আলু উৎপাদন করেছেন কৃষক। উৎপাদিত বিপুল পরিমাণ আলু হিমাগারে সংরক্ষণ করা নিয়ে বড় বড় কৃষক ও পাইকারি ব্যবসায়ী রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়েন। ধারণক্ষমতা অনুযায়ী এ উপজেলার ১২টি হিমাগারে ৮৯ হাজার ৬০০ মেট্রিক টন আলুতে পরিপূর্ণ হওয়ার পর প্রান্তিক পর্যায়ের আলুচাষিরা আলুবীজ সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন। হিমাগারের বেশির ভাগ জায়গাজুড়ে আলুর ব্যবসায়ীরা খাবার আলু সংরক্ষণ করে ফেলেছেন। যে সামান্য পরিমাণ বীজ হিমাগারে সংরক্ষণ করা হয়েছে তা যথেষ্ট নয়। আগামী মৌসুমে এ উপজেলায় আলুর ফলন ফলাতে ২৫ হাজার ৫৪৫ মেট্রিক টন বীজের প্রয়োজন হবে। বিএডিসি থেকে যার শতকরা ১০ ভাগ পাওয়া সম্ভব। বেসরকারি পর্যায়ে আরও পাঁচ ভাগ বীজ কৃষক সংগ্রহ করতে পারলেও বাকি ৮৫ ভাগ ভালো মানের বীজ কীভাবে সংগ্রহ হবে তা এখনই ভাবনার বিষয় হয়ে দেখা দিয়েছে। হিমাগারে জায়গা না থাকার কারণে স্থানীয় পদ্ধতিতে খাবার আলু ও বীজ সংরক্ষণে লোকসানের আশঙ্কা থাকায় কৃষক উৎপাদিত আলু যে দামই পান, সে দামেই বিক্রি করে ফেলছেন।এ ব্যাপারে শিবগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক আবদুল কাদের আলু সংরক্ষণের জন্য মজুদ গড়ে তুলতে সরকারি পর্যায়ে হিমাগার স্থাপনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সার এবং ধান-চাল সংগ্রহের জন্য যেমন সরকারি গুদাম নির্মাণ করা হয়েছে, তেমনি খাবার আলু ও বীজের জন্য পৃথক হিমাগার স্থাপন করলে একদিকে যেমন কৃষকেরা খাবার আলু সংরক্ষণ করতে পারবেন, অন্যদিকে নির্দিষ্ট তাপমাত্রায় বীজ সংরক্ষণ করা গেলে কম জমিতে চাষ করে অধিক পরিমাণ আলু উৎপাদন করতে পারবেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আলুবীজ নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা গেলে আলুর ফলন আশাতীত বেশি পাওয়া সম্ভব। হিমাগারগুলো খাবার আলু ও বীজ একই তাপমাত্রায় সংরক্ষণ করে থাকে। আলুবীজ ২ দশমিক ৫ ডিগ্রি থেকে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করলে দ্বিগুণ আলুর ফলন ফলানো সম্ভব। তবে শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করলেই চলবে না, আর্দ্রতাও নিয়ন্ত্রণ করা দরকার। ৮৫ থেকে ৯০ শতাংশ আর্দ্রতায় আলুবীজ রাখতে হবে। কিন্তু দেখা যায়, হিমাগারগুলো শূন্য ডিগ্রি তাপমাত্রায় এলে বিদ্যুৎ-ব্যয় কমানোর জন্য শীতলীকরণ যন্ত্র বন্ধ করে দেয়। কয়েক ঘণ্টা পর তা আবার চালু করা হয়। এতে হিমাগারের ‘কোল চেইন’ বজায় থাকে না। ফলে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া বীজের জন্য রাখা আলুর বস্তা খাড়া করে রাখতে হয়। কিন্তু তা না রেখে বস্তার ওপর বস্তা চাপিয়ে দেওয়াতেও বীজের মান খারাপ হয়।এদিকে হিমাগারে জায়গা না পেয়ে অনেক কৃষক নিজ নিজ বাড়িতে বাঁশের মাচায় অথবা ঘরের মাটির মেঝেতে বীজ সংরক্ষণ করেছেন। কিন্তু এতে কোনোক্রমেই বেশি ফলন আশা করা যায় না বলে কৃষিবিদেরা মনে করেন।উপজেলার আটমূল গ্রামের কৃষক আহসান কবির দীর্ঘদিন হলো আলু আবাদ করে আসছেন। তিনি জানান, আলু মৌসুমে মানসম্পন্ন বীজ তেমন পাওয়া যায় না। হিমাগারে বীজ রাখলে তা মানসম্পন্ন না হলেও বাড়িতে রাখার চেয়ে ভালো মানের হয়। তাই তিনি ছয় বিঘা জমির জন্য বীজ রাখতে এখানে-ওখানে অনেক ধরনা দিয়েও হিমাগারে বীজ রাখতে ব্যর্থ হন।উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হক বলেন, মানসম্পন্ন বীজ জমিতে লাগানো গেলে ফলন আরও অনেক বেশি পাবেন কৃষকেরা। তবে চলতি মানের বীজসংকট তেমন হবে না। ব্যবসায়ীরাও বেশি মুনাফার জন্য বীজ সংরক্ষণ করেন।