শিবগঞ্জে ইভ টিজিং বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের আশপাশে প্রায় প্রতিদিন বখাটেরা স্কুলগামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে বলে অভিযোগ পাওয়া গেছে। বছরের পর বছর এ অত্যাচার সহ্য করে মেয়েদের বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে। এ নিয়ে ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, এ স্কুলে ৪৭৪ জন ছাত্রী লেখাপড়া করে। বিদ্যালয় এলাকায় আসার জন্য পাঁচটি সড়ক রয়েছে। সড়কের বেশ কিছু মোড়ে দোকানপাটও রয়েছে। ফলে সড়ক দিয়ে চলাচল বা দোকানে সওদা করার অজুহাতে বখাটেরা দাঁড়িয়ে থাকার সুযোগ নেয়।স্কুলে ছাত্রীদের আসা-যাওয়ার পথে হাসপাতাল গলি, নাগরবন্দর মোড়, উপজেলা পরিষদের এলাকা, দহিলা সেতু, চকভোলা খাঁ সড়ক, শব্দলদীঘি সড়ক, মাদ্রাসার মোড়সহ বিভিন্ন জায়গায় বখাটেরা উৎপাত করে। কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, বখাটেরা মেয়েদের ওড়না ধরে টান দেয়, প্রেমের প্রস্তাব দেয়। প্রেমে রাজি না হলে অপহরণের হুমকি দেয়। লোকলজ্জার ভয়ে মেয়েরা সবকিছু সহ্য করে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও অবস্থার স্থায়ী সমাধান হচ্ছে না। প্রশাসন তৎপর হলে কয়েক দিন বখাটেরা গা-ঢাকা দেয়। কিছুদিন পর আবার তারা স্বমূর্তি ধারণ করে। বখাটেদের বেশির ভাগ স্থানীয় হওয়ায় এবং কিছু প্রভাবশালীর সঙ্গে তাদের সম্পর্ক থাকায় কেউ প্রতিবাদ করার সাহস পায় না। খোঁজ নিয়ে জানা যায়, ওই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রীকে কাজল মিয়া নামে এক বখাটে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। কিন্তু মেয়েটি প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে তাকে স্কুলে যাওয়ার পথে মারপিট করে। মেয়েটিকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকি দেয়। এতে মেয়েটির বাবা ২৩ অক্টোবর থানায় প্রথমে লিখিত অভিযোগ পরে মামলা করেন। পুলিশ ২৫ অক্টোবর বখাটে কাজলকে গ্রেপ্তার করে। নবম শ্রেণীর আরেক ছাত্রী রানা নামে এক বখাটের খপ্পরে পড়ে। বাড়ি থেকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই বখাটের উৎপাতে সে অতিষ্ঠ। এ নিয়ে থানায় অভিযোগ করা হয়। এদিকে অভিযোগের প্রায় এক সপ্তাহ পর রানা স্কুলে এসে বখাটেপনা না করার শপথ করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে যায়। একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর আরেক ছাত্রীরও একই অবস্থা। মিলন নামে এক বখাটে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করে চলছে। বিভিন্ন জায়গায় বিচার চেয়েও পরিস্থিতির কোনো সুরাহা হয়নি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমান এক মাসে পাঁচ ছাত্রীর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর প্রতিটি অভিযোগ সামাজিকভাবে সালিস ডেকে মীমাংসা করা হয়েছে। তা ছাড়া থানা পুলিশের কাছে আইনি সহায়তা চাওয়া হয়েছে। এ ছাড়া ছাত্রীদের ওপর উত্ত্যক্ত করা বন্ধে বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য লোকমান হোসেন বলেন, কিছুদিন থেমে থাকার পর ইভ টিজিং আবার কিছুটা বেড়ে গেছে। বখাটেদের শায়েস্তা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।কমিটির সভাপতি তৌহিদুর রহমান জানান, ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কমিটির পক্ষ থেকে বখাটেদের শায়েস্তা করতে তৎপরতা শুরু করা হয়েছে।শিবগঞ্জ থানার পরিদশক (তদন্ত) এ কে এম লুৎফর রহমান বলেন, ‘ইভ টিজিংকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে বখাটেদের দমন করতে পুলিশ তৎপর রয়েছে। বখাটেদের প্রতিরোধ করতে স্কুলের শিক্ষক ও অভিভাবকসহ এলাকাবাসীর পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করা প্রয়োজন।’