শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশ নেয় না ৩৫ ভাগ ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনায় ছোটরা গোলাপ শুভকামনা জানায় আর শিক্ষকেরা বই উপহার দেন। কিশোরী রেশমার আক্ষেপ, এই শুভকামনা ও বই তারও প্রাপ্য ছিল। কিন্তু পাওয়া হয়নি। অভিভাবকের সিদ্ধান্তে বিদায়ী সংবর্ধনার আগেই তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। ফলে এসএসসি পরীক্ষা তার কাছে আজীবনের স্বপ্নই থেকে গেল। ভাগ্যের এমনই পরিহাস, এবারের এসএসসি পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে, বান্ধবীদের পরীক্ষা কেমন হলো—এসব গল্প শুনতে শুনতে চোখের পানি ফেলে সংসারের ঘানি টানতে হচ্ছে রেশমাকে।এই পরিণতি শুধু রেশমার একার নয়, এ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে খোঁজ নিয়ে এ রকম অনেক রেশমার কথা জানা গেছে, যাদের এসএসসি পরীক্ষা দেওয়ার স্বপ্ন আর কখনোই পূরণ হওয়ার নয়। একাধিক বিদ্যালয়ের শিক্ষক জানিয়েছেন, এ চিত্রটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি বিদ্যালয়ের চিত্র প্রায় একই। এসব বিদ্যালয় থেকে প্রতিবছর গড়ে শুধু নবম ও দশম শ্রেণী থেকেই ৩০ থেকে ৩৮ শতাংশ শিক্ষার্থী ঝরে যাচ্ছে। এদের অধিকাংশেরই বিয়ে হওয়ায় আর বিদ্যালয়ে আসা হয় না।খোঁজ নিয়ে জানা যায়, ২০১০ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য উপজেলার ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার ৯৫৭ জন ছাত্রী নবম শ্রেণীতে ওঠার পর নাম নিবন্ধন করে। দুই বছর পর ওই ছাত্রীদের মধ্যে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এক হাজার ২২৭ জন ছাত্রী। অবশিষ্ট ৭৩০ জন ছাত্রী ঝরে পড়েছে। বিদ্যালয়গুলো থেকে ছাত্রী ঝরে পড়ার হার ৩৭ দশমিক ৩২ শতাংশ। এর অন্যতম কারণ বাল্য বিবাহ। খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলার বেতগাড়ী মীর শাহে আলম উচ্চবিদ্যালয়ে ২০০৮ সালে নবম শ্রেণীতে নিবন্ধন করেছিল ৩৫ জন ছাত্রী, যাদের এবার পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু পরীক্ষা দিচ্ছে ২১ জন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মাহবুবা আলাউদ্দিন জানিয়েছেন, মূলত অভিভাবকদের অসচেতনতার কারণে ছাত্রীদের বিয়ে হয়ে যাওয়ায় তারা আর পরীক্ষা দিচ্ছে না। সৈয়দপুর উচ্চবিদ্যালয় থেকে নবম শ্রেণীতে নিবন্ধন করেছিল ২৪ জন ছাত্রী। কিন্তু পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ জন। সৈয়দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া বলেন, এর মধ্যে কিছু ছাত্রী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বাদ পড়েছে। আর বাকিদের বিয়ে হয়ে গেছে। বিয়ের পর ছাত্রীরা আর পড়তে চায় না। তারা এর চেয়ে ঘরসংসার করাকেই শ্রেয় মনে করে। শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে নিবন্ধন করেছিল ৭৫ জন আর পরীক্ষা দিচ্ছে ৬১ জন। ওই বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজার রহমান বলেন, মূলত ছাত্রী-অবস্থায় বিয়ে হয়ে যাওয়ায় তারা আর পরীক্ষায় অংশ নেয় না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার প্রায় প্রতিটি বিদ্যালয়েই এ সমস্যা রয়েছে। তবে পর্যাপ্ত লোকবলের অভাবে উপজেলা শিক্ষা অফিস থেকে এই বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ও ঝরে পরা শিক্ষার্থীদের ধরে রাখার বিষয় পর্যবেক্ষণ করা যাচ্ছে না। তবে বিভিন্ন সময় শিক্ষকদের বাল্য বিবাহ বন্ধে সচেতনতামূলক কার্যক্রম চালাতে বলা হয়ে থাকে। অপরদিকে শিক্ষকেরা এ অবস্থার জন্য অভিভাবকদের অসচেতনতাকেই দায়ী করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘আমি এক অভিভাবককে বলেছিলাম, আপনার মেয়ে ক্লাসের পরীক্ষায় ভালো ফল করেছে। ওকে এবারের পরীক্ষায় অংশ নিতে দিন। ও ভালো করবে।’ জবাবে অভিভাবক ওই শিক্ষককে জানিয়েছিলেন, ‘আপনি হামার মেয়েডার কুনো ক্ষতি করবিন ন্যা। শুভকাজে দেরি করব্যার নাই। মেট্টিক পাস কর্যা কী হবি। তার চাইতে ভালো পাত্র পাচি, মেয়ে বিয়া দিয়া দিমো। মেয়েডা ইশকুলোত দশ ক্লাস পড়িচে, এই ম্যালা।’এ ব্যাপারে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তৌহিদুর রহমান বলেন, এ উপজেলায় ছাত্রী ঝরে পড়ার অন্যতম কারণ বাল্য বিবাহ। এ ছাড়া মেয়েদের শিক্ষার প্রতি অভিভাবকদের অনাগ্রহ রয়েছে। অভিভাবকেরা এখনো সচেতন হতে পারেননি। তাঁদের কাছে মেয়েদের পড়াশোনা খুব একটা গুরুত্ব পায় না। মেয়েদের শুধু বিয়ের জন্য পড়াশোনা করানো হয়। আর উপযুক্ত ছেলে পাওয়া গেলেই বিয়ে দেওয়া হয়।শিবগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক আব্দুল কাদের বলেন, অন্য দু-একটি কারণে দুই ভাগ বাদ দিলেও, এবার প্রায় ৩৫ শতাংশ ছাত্রী নবম শ্রেণীতে নিবন্ধন করার পরও সবাই এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না, যা উদ্বেগজনক। এ অবস্থার জন্য অভিভাবকদের মধ্যে শিক্ষার অভাব এবং এ কারণে অসচেতনতাকে দায়ী করা যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন জানান, নবম শ্রেণীতে নিবন্ধন করার পরও এসএসসি পরীক্ষায় অংশ না নেওয়ার প্রধান কারণ বাল্য বিবাহ। তবে আর্থ-সামাজিক অবস্থার কারণে ও অকৃতকার্য হওয়াতেও কিছু শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না। উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেন, বাল্য বিবাহ এ উপজেলায় উদ্বেগজনক হারে হয়ে থাকে। যেভাবে ছাত্রী ঝরে পড়ছে তা মেনে নেওয়ার নয়। শিক্ষকদের আরও সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।