শিবগঞ্জে কৃষকের আলু যাচ্ছে দাদন ব্যবসায়ীদের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলাদ দিয়ে আলু তুলতে চান বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল গ্রামের কৃষক আসলাম মিয়া। ফলনের বরকত কামনায় এ ব্যবস্থা। তাঁর ভাষায়, ‘ফলন এবার ভালো হয়েছে। সার পাচনো ভালো, দেউয়াও আছলো ভালো। শুধু বীজের দাম বেশি না হলে লাভ আরও বেশি করনোহীনি। এবার আলুর বাজারদর গত বছরের চাইতেও একনো ভালো পাচ্চি।’আসলাম মিয়া এবার তাঁর তিন বিঘা জমিতেই আলুর চাষ করেছেন। তিনি জানান, গত বছর উত্পাদন খরচ এ বছরের চেয়ে অনেক বেশি ছিল। পাশাপাশি এ সময় বাজারদরও অনেক কম ছিল। এ কারণে যাঁরা প্রথমেই আলু বেচে দেন, তাঁরা লাভ পাননি। কিন্তু এ বছর উত্পাদন খরচ অনেক কম পড়েছে। ফলন ভালো হয়েছে। আবার দামও ভালো যাচ্ছে। প্রতিমণ আলু প্রকারভেদে ৩৬০ থেকে ৫২০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। দাম আর না কমলে কৃষকেরা লাভবান হবেন। আসলাম মিয়ার মুখজুড়ে শুধুই হাসি।এ বছর এ উপজেলায় আলুর বাম্পার ফলন ও দামের কারণে আসলাম মিয়ার মতো কিছু লোকের মুখে হাসি থাকলেও অনেক কৃষকের মুখে হাসি নেই। উত্পাদিত আলু থেকে সেচযন্ত্রের মালিক ও জমির মালিককে দেওয়ার পর যা থাকে, তার বেশির ভাগই দাদন ব্যবসায়ীদের ঋণ পরিশোধ করতে গিয়ে শেষ হয়ে যাবে।কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আলু চাষ করতে অনেক টাকার প্রয়োজন হয়। তাই পুঁজি না থাকায় দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে তাঁরা আলুর চাষ করেন। আলু চাষের শুরুতে দাদন ব্যবসায়ীদের সঙ্গে তাঁদের মৌখিক চুক্তি হয়। সে অনুযায়ী আলু ওঠার পর আসল বাদে প্রতি হাজারে এক থেকে দেড় মণ আলু দিতে হয়।উপজেলার গুজিয়া গ্রামের কৃষক মোবারক আলী (৪৫) বলেন, ‘হামার লিজের জমি ও আদি লিয়া দুই বিঘা জমিতে আলুর আবাদ করিচি। দাদন ব্যবসায়ীদের কাছে থ্যাকে আলু আবাদ করব্যার আগে ২৫ হাজার টাকা ইন লিচনো। একন আসল ২৫ হাজার ট্যাকা এবং ২৫ মণ আলু দেওয়া লাগবি। হিসাব কর্যা দেকনু হামার লাভের চাইতে লোকসানই হলো বেশি।’আমেরকান্দি গ্রামের জিয়াউর রহমান (৩২) জানান, নিজের জমি থাকলে আলু আবাদ করে এবার লাভবান হওয়ার কথা। কিন্তু যাঁদের নিজের জমি নেই, পত্তন বা বর্গা নিয়ে আবাদ করেন তাঁরা তেমন লাভবান হবেন না।একই গ্রামের কৃষক আবু জাহের (৩৫), সিদ্দিক মিয়া (৩৮) ও রমজান আলী (৪৫) জানান, এ এলাকায় শতকরা ৭০ জন কৃষকই দাদন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে আবাদ করেন। তাঁরা দাদন ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্কও ভালো রাখেন। কেননা, প্রতিনিয়ত কৃষকদের দাদন ব্যবসায়ীদের কাছে ধরনা দিতে হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনে এসব দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তারের ব্যবস্থা রয়েছে। কেউ অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা নেব।’