শিবগঞ্জে ছাগলের পিপিআর রোগের প্রাদুর্ভাব
শ্যামপুর গ্রামের আজিজুল ইসলামের চার সদস্যের পরিবার। সামান্য জমি যা আছে তাতে ভাতই জোটে না। তাই ছাগল পালন করে সে টাকায় অভাবী এ পরিবারটির কিছুটা হাপিত্যেশ মিটতো। কিন্তু কয়েক দিন আগে তাঁর সবগুলো (চারটি) ছাগল পিপিআর (পেস্টিডেসপেটিস রুমিন্যান্টস) রোগে মারা যায়। এখন আজিজুল ইসলাম দিশেহারা।আজিজুল ইসলামের মতো দিশেহারা হয়ে পড়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার সচিয়ানি, পার-আঁচলাই, সেকেন্দ্রাবাদ, শ্যামপুর, মশামারি, রামকান্দি, চককানু, হাজরাবাড়ি, দামপাড়া ও কুরাহার গ্রামের অনেক মানুষ। যাঁরা বাড়িতে ছাগল পালন করেন। গত এক সপ্তাহে এ নয়টি গ্রাম থেকে প্রায় ২৫০ ছাগল মারা গেছে বলে গ্রামবাসী ও পল্লি পশুচিকিত্সকদের কাছ থেকে জানা যায়। ওই গ্রামগুলোয় যাঁরা ছাগল পালন করেন তাঁদের সবার চোখেমুখে হতাশা। কারণ তাঁরা ছাগলকে ওষুধ খাওয়াচ্ছেন, পানিপড়া খাওয়াচ্ছেন, ঝাড়ফুঁক দিচ্ছেন—কিন্তু কোনোভাবেই পিপিআর রোগের হাত থেকে ছাগল বাঁচাতে পারছেন না।সচিয়ানি গ্রামের আবু সায়েদ (৪০) জানান, তাঁর দুটি ছাগল পরপর মারা গেল। তিনি কিছুই করতে পারেননি। একই গ্রামের হাসান মিয়া (৩৫) জানান, তাঁর দুটি ছাগল মারা গেছে পিপিআর রোগে।মীরেরচক গ্রামের নূরুল ইসলাম বলেন, ‘এটি-ওটি কত গেনু। কিন্তু অনেক চেষ্টা কর্যাও বকরি তিনডা বাঁচাবার পারনো না।’ খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলায় বর্তমানে পিপিআর রোগে আক্রান্ত ছাগলগুলো পানির দরে স্থানীয় কসাইদের কাছে বিক্রি করে দিচ্ছেন ছাগলের মালিক। গোপনে কসাইয়েরা তা জবাই করে দেদারছে বিক্রিও করছে।উপজেলার হাজরাবাড়ী গ্রামের খাজামুদ্দিনের তিনটি ছাগল পিপিআর রোগে আক্রান্ত হয়। কিন্তু তিনি কিছুতেই সেগুলো সুস্থ করতে না পেরে প্রতিটি মাত্র ৬০০ টাকা দরে স্থানীয় এক কসাইয়ের কাছে বিক্রি করে দেন। খাজামুদ্দিন বলেন, ‘ভালো থাকলে পুতিটার দাম চার হাজার ট্যাকা কর্যা পানোহিনী।’জানা যায়, পিপিআর রোগে আক্রান্ত ছাগলের প্রথমে জ্বর আসে। পরে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। ঝিম ধরে, মুখ থেকে লালা ঝরে, মুখ ফুলে ওঠে। পরে একসময় আক্রান্ত ছাগল মারা যায়। এ জন্য রোগের আগেই ভ্যাকসিন দিলে এ রোগ প্রতিরোধ করা অনেকটাই সম্ভব। এটি একটি ছোঁয়াচে রোগ। পল্লি পশুচিকিত্সক শাহজাহান আলী বলেন, পিপিআর রোগের যেভাবে বিস্তার ঘটছে তাতে প্রায় চার হাজার ছাগল এ রোগে আক্রান্ত হয়ে পড়েছে। চিকিত্সা করেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। প্রতিদিন নতুন নতুন এলাকা থেকে পিপিআর রোগে ছাগল আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন প্রধান ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, ‘পিপিআর রোগের ভ্যাকসিনের সমস্যা নেই। সমস্যা দেখা দিয়েছে উপজেলা প্রাণীসম্পদ বিভাগের লোকবলের। এত বড় উপজেলার জন্য মাত্র তিনজন লোক। তার মধ্যে একজন আবার নেই। তাই সমস্যা হচ্ছে। তারপরও আক্রান্ত এলাকায় গিয়ে আমাদের লোক ভ্যাকসিন দিয়ে আসবে।’উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, ‘ভ্যাকসিনের কোনো সমস্যা নেই। আশা করা যায় তেমন সমস্যা হবে না। আর পিপিআর রোগে আক্রান্ত ছাগলের মাংস মানবদেহের তেমন কোনো সমস্যা করে না। ’