শিবগঞ্জে ছাত্রলীগের সাবেক দুই নেতাকে কুপিয়ে জখম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কারিবুল হক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে ছাত্রলীগের নেতারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় শিবগঞ্জ-সোনামসজিদ সড়কের ভাঙ্গা ব্রিজের কাছে ১০/১২ জন মুখোশধারী ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করে। তারা কারিবুল হকের বাম পায়ের হাঁটুর নিচের হাড় থেঁতলে দেয়। এ ছাড়া ডান পা ও হাতে কোপায়। দুর্বৃত্তরা মতিউর রহমানের মাথায়ও আঘাত করে। শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহসিন আলী প্রথম আলো ডটকমকে জানান, এ্যাপোলো হাসপাতালে কারিবুল হকের দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার চলছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন। তাঁর বাম পা কেটে ফেলা হতে পারে। তবে মতিউর রহমান এখন আশঙ্কামুক্ত। তাঁরও অস্ত্রোপচার করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত্ হোসেন খুররম বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা একরাম, ইমানী আলী ও কানসাটের একজন আওয়ামী লীগ নেতার ওপর যারা হামলা করেছিল, তারই ধারাবাহিকতায় কারিবুল ও মতিউরের ওপর মুখোশধারী দুর্বৃত্তরা গুপ্ত হামলা চালিয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভয় দেখাতে এসব হামলা হচ্ছে। শিবগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মনিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘কারিবুল ও মতিউরের ওপর হামলা তাঁদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। আওয়ামী লীগের আঞ্চলিক জলিল-খলিল বনাম বেনজির গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এটা ঘটেছে। অথচ দায়ী করা হচ্ছে আমাদের।’ তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার পরে আওয়ামী লীগের নেতা কারিবুল ও মতিউরের সমর্থকেরা জামায়াতের কর্মী পৌর এলাকার নারোত্তমপুরের জমির উদ্দীনের বাড়ি ও তিনটি পোলট্রি খামারে আগুন দেয়, ভাঙচুর ও লুটপাট চালায়। তাঁরা একই গ্রামের জামায়াতের কর্মী আবদুর রশিদ ও দেবনগর গ্রামের জামায়াতের কর্মী এজাবুল ফসিউদ্দীনের দোকান ও বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আওয়ামী লীগের নেতা কারিবুল হক ও মতিউর রহমানের ওপর হামলা হয়েছে। তবে জামায়াতের কর্মী জমির উদ্দীনের বাড়ি আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওসি জানান, এ ব্যাপারে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মামলা হয়নি।