শিবগঞ্জে জাসদ নেতার হাত-পায়ের রগ কর্তন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও কানসাট ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলামের এক হাত ও এক পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে শিবগঞ্জ একাডেমির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত আরিফুল ইসলামকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।কানসাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেনাউল ইসলাম ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে একাডেমির মোড় এলাকায় আরিফুল ইসলামের ওপর অতর্কিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। আহত আরিফুলকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।আরিফুল ইসলামের ভগ্নিপতি কামরুজ্জামান জানান, দুর্বৃত্তরা তাঁর ডান পা ও বাঁ হাতের রগ কেটে দিয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। আরিফুলের ডান পা ভেঙে গেছে। আজ সকালে তাঁর হাতে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানান তিনি।শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, হামলার পর দুর্বৃত্তরা আরিফুলের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারীদের শনাক্ত করা যায়নি। তিনি বলেন, এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।