শিবগঞ্জে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে জয়ী প্রার্থীর সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পিরব ইউনিয়নের চাঁপাছিল গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, সকাল সাতটার দিকে পিরব ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল করিমের সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী মাহাতাব আলীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ সময় ওই গ্রামের আবদুল করিমের সমর্থকদের ছয়টি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গুরুতর আহত শহিদুল ইসলাম (৪০), শাহিনূর আলম (৩২), জমেলা বিবি (৪০), বাদামি বেগম (৪৫), মফেলা বিবি (৩৮) ও বেগম বেওয়াকে (৫০) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও চারজনকে বগুড়ার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে মাহতাব আলী জানান, বিজয়ী প্রার্থীর সমর্থকেরা ইচ্ছাকৃতভাবে তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।আবদুল করিম বলেন, ‘গ্রামটি মাহাতাব আলীর নিজ গ্রাম। ওই গ্রাম থেকে তাঁকে ভোট না দিয়ে আমাকে ভোট দেওয়ায় তাঁর সমর্থকেরা আমার সমর্থকদের ওপর হামলা ও লুটপাট চালিয়েছে।’শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।