শিবগঞ্জে টিআরের চাল হরিলুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটার ওয়াহেদ আলী আকন্দের পারিবারিক কবরস্থান সংস্কার করার জন্য সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের সাংসদ শওকত আরা বেগম গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় এক মেট্রিক টন চাল বরাদ্দ দেন। কাজ যথাযথভাবে করা হয়েছে, এ জন্য উপজেলা ত্রাণ অফিস থেকে ওই প্রকল্পের সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলমকে চালের ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি তা তুলেও নিয়েছেন। অথচ সরকারি নীতিমালায় ‘পারিবারিক কবরস্থান’ সংস্কারের নামে কোনো প্রকল্পের চাল-গম বরাদ্দ দেওয়ারই বিধান নেই।উপজেলার পৌরসভা এলাকায় ‘ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কোরাম’ নামে সংগঠনের আসবাবপত্র কেনার জন্য দুই মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন এলাকার নির্বাচিত বিএনপির সাংসদ এ কে এম হাফিজুর রহমান। সেই চালও তুলে নেওয়া হয়েছে। কিন্তু ওই সংগঠনটি কোথায় অবস্থিত তা তন্ন তন্ন করে খুঁজেও বের করা সম্ভব হয়নি। শুধু ওই দুই প্রকল্পই নয়, এ উপজেলার বেশির ভাগ প্রকল্পই এবার বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে শেষ হয়েছে। সিংহভাগ প্রকল্পে বিন্দুমাত্র কাজ না করে, আবার কিছু প্রকল্পে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দ দেওয়া চালের বিক্রয়লব্ধ পুরো টাকাই আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির এক শ্রেণীর নেতা-কর্মী এবং প্রকল্প বাস্তবায়নকাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা লাভবান হলেও কর্মসূচির কাজ না পেয়ে দরিদ্র জনগোষ্ঠী প্রহসনের শিকার হয়েছে।জানা গেছে, এবারের ২০০৯-২০১০ অর্থবছরে টিআর প্রকল্পের আওতায় এ উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৩২টি প্রকল্পের বিপরীতে যে ৪০০ মেট্রিক টন চালের বরাদ্দ দেওয়া হয়েছে, এর মধ্যে সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাংসদ বরাদ্দ দিয়েছেন ৩৮টি প্রকল্পের বিপরীতে ৫০ মেট্রিক টন এবং বিএনপির সাংসদ দিয়েছেন ১৯৪টি প্রকল্পের বিপরীতে ৩৫০ মেট্রিক টন চাল। এসব প্রকল্পের বেশির ভাগই নয়-ছয় অবস্থা। বাজার মূল্য অনুযায়ী এ চালের মূল্য প্রায় এক কোটি টাকা।কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সমাজের অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত দুর্বল ও দুস্থ জনগণের অংশগ্রহণে তাঁদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। কিন্তু এ উপজেলায় সরকারের এই উদ্যোগ সম্পূর্ণ ভেস্তে গেছে।এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে ত্রাণ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, বিধিবহির্ভূতভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারিবারিক কবরস্থান, ভুয়া ক্লাব ও সমিতির নামে টিআর বরাদ্দ দিয়ে সিংহভাগই লোপাট করা হয়েছে। গত মার্চ মাসেই এসব প্রকল্পের সমুদয় চাল উত্তোলন করা হয়েছে। ভুয়া নামসর্বস্ব সমিতি, অস্তিত্বহীন এমনকি বন্ধ হওয়া স্কুলেও চাল বরাদ্দ দিয়ে সমুদয় আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। টিআর প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো কাজ না করেই বা নামমাত্র কাজ করে ভুয়া মাস্টাররোল তৈরি করে প্রকল্পের বিপরীতে বরাদ্দের চাল আত্মসাৎ করেন। আর এসব চাল আত্মসাৎ করে বিপুল পরিমাণ টাকা স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির এক শ্রেণীর নেতা-কর্মী এবং প্রকল্প বাস্তবায়নকাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেন।৪ মে উপজেলার সংসারদীঘি মালেক সরকার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে জানা গেছে, দীর্ঘদিন হলো বিদ্যালয়টি বন্ধ। ভাঙাচুরা অবস্থায় পড়ে আছে। এ বিদ্যালয়ের সংস্কারের জন্য পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। কিন্তু কোথাও এক কোদাল মাটি কাটার চিহ্নও দেখা যায়নি। বিদ্যালয় থেকে কিছুটা দূরেই সংসারদিঘী মন্দির। এ মন্দিরের জন্য তিন মেট্রিক টন চাল বরাদ্দ ছিল। কিন্তু মন্দিরের সাধারণ সম্পাদক প্রভাতচন্দ্র নাথ বলেন, ‘হামরা একনো এক ট্যাকাও পাইনি। কিন্তু কিছু টাকা পামো বলে হামাকেরোক এক নেতা জানাচে।’ এনায়েতপুর জামে মসজিদ সংস্কারের জন্য চার মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। কিন্তু প্রকল্পের সভাপতি মোফাজ্জল হোসেন জানান, বাজার মূল্যে চার মেট্রিক টন চালের দাম এক লাখ টাকা হলেও তাঁকে দেওয়া হয়েছে মাত্র ১০ হাজার টাকা। এদিকে ওয়াহেদ আলী আকন্দের পারিবারিক কবরস্থান সংস্কার প্রকল্পের সভাপতি মেজবাউল আলম জানান, বিভিন্ন জটিলতার কারণে সময়মতো কাজ করা সম্ভব হয়নি, তবে এখন কাজ শুরু করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ হেল কাফি জানান, তালিকা দিয়েছেন এমপি সাহেবরা। সেই মোতাবেকই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, তবে সময়ের অভাবে তা যাচাই-বাছাই করা যায়নি। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দ্বিগুণ মূল্যের চাল ফেরতসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান বলেন, ‘এখনো প্রকল্পের কাজ মূল্যায়ন করা হয়নি। ট্যাগ অফিসারদের দিয়ে প্রকল্পগুলো মূল্যায়ন করাব। তাঁদের প্রতিবেদনের ভিত্তিতেই কোনো অনিয়ম হয়েছে কি না, তা দেখে ব্যবস্থা নেব।’এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান তাঁর দেওয়া প্রকল্পে অনিয়মের অভিযোগ অস্বীকার করে জানান, কাজ বুঝে নেওয়ার দায়িত্ব যাঁদের তাঁরা বলতে পারবেন প্রকল্প কীভাবে শেষ হয়েছে।সংরক্ষিত আসনের সাংসদ শওকত আরা বেগম জানান, কাজে গাফিলতির বিষয়টি তাঁর জানা নেই। কেউ বিষয়টি তাঁকে জানায়নি। তিনি স্থানীয় প্রশাসনের কাছে এ বিষয়টি জানতে চাইবেন বলে জানান।