শিবগঞ্জে দুর্ঘটনায় জেএসসির পাঁচ পরীক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাশিপুরে গতকাল সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় জেএসসির পাঁচ পরীক্ষার্থীসহ ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া মানিকগঞ্জের দৌলতপুরে গতকাল ট্রলিচাপায় জেএসসির এক পরীক্ষার্থী মারা গেছে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্র একটি ভটভটিতে (শ্যালো ইঞ্জিনচালিত যান) করে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিতে উপজেলার মোকামতলা কেন্দ্রে যাচ্ছিল। ভটভটিটি কাশিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফরিদুল ইসলাম ও বাদশা মিয়া নামের দুই পরীক্ষার্থী মারা যায়, আহত হয় আরও সাতজন। তাদের দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শরিফুল ইসলাম, লিটন রহমান ও জাহেদ হাসান নামের তিন পরীক্ষার্থী এবং ১১ বছরের শিশু দিলবর রহমান মারা যায়। আহত অপর তিনজনের অবস্থাও গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।জানা গেছে, নিহত ফরিদুল উপজেলার মির্জাপুর গ্রামের নজু মিয়ার ছেলে এবং শরিফুল কুপি কালীদাসপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। বাকি চারজনের বাড়ি উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামে। বাদশা সুলতান মাহমুদের ছেলে, লিটন ইউসুফ আলীর ছেলে, জাহিদ মেহেদুল ইসলামের ছেলে ও দিলবর হামিদ আকন্দের ছেলে।এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতারা ঘটনাস্থলে ছুটে যান। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।মানিকগঞ্জে এক পরীক্ষার্থী নিহতনিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ জানান: মানিকগঞ্জের দৌলতপুর উলাইল মডেল হাইস্কুলের জেএসসি পরীক্ষার্থী কামরুন নাহার পরীক্ষা দেওয়ার জন্য গতকাল দুপুর একটার দিকে ভবানীপুর গ্রামের বাড়ি থেকে রিকশাযোগে দৌলতপুর পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। টেপড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রলি রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।এ ঘটনায় কামরুন নাহারের বাবা সামছুল হক মোল্লা গতকাল ট্রলির চালক তাহাজ্জত মিয়াকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেছেন।দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সরকার ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, ট্রলিটি আটক করা হয়েছে।