শিবগঞ্জে নার্সারি ব্যবসায় মন্দা
ভরা মৌসুম হওয়া সত্ত্বেও অতিরিক্ত খরায় এ বছর বৃক্ষরোপণে ভাটা পড়ায় বগুড়ার শিবগঞ্জের নার্সারি মালিকেরা চরম সংকটে পড়েছেন। চারা বিক্রির মৌসুমেও প্রয়োজনীয় চাহিদা না থাকায় এ উপজেলার হাট-বাজার ও নার্সারিতে চারা বিক্রি হচ্ছে খুবই কম। এ অবস্থায় অধিকাংশ নার্সারি মালিক এবার উৎপাদন খরচ তোলা নিয়েও চিন্তিত হয়ে পড়েছেন। নার্সারি মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক যুগ আগে এ উপজেলায় নার্সারির প্রসার ঘটতে শুরু করে। কয়েক বছরের মধ্যে নার্সারি যেমন একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়, তেমনি বনায়নের মাধ্যমেও পরিবেশ রক্ষায় অবদান রাখে। অনেক মানুষ বাড়ির আঙিনায় বাগান তৈরি করেও বিভিন্ন প্রকার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করতে থাকে। একই সঙ্গে বাড়ি ও ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য ক্যাকটাস জাতীয় গাছ ও নানা রকম ফুলের চাহিদা বেড়ে যায়। বিভিন্ন প্রকার চারার চাহিদা বাড়ায় নার্সারির সংখ্যাও বাড়তে থাকে। নার্সারি মালিক সমিতি সূত্রে জানা যায়, দেশের মধ্যে সবচেয়ে বেশি নার্সারি বগুড়ায়। আর জেলার সবচেয়ে বেশি নার্সারি রয়েছে এ উপজেলায়। সমিতির তালিকাভুক্ত নার্সারি রয়েছে ৭০টি। এর বাইরে আরও ৮০ থেকে ৮৫টি ছোট-বড় নার্সারি গড়ে উঠেছে। ১০ শতাংশ থেকে ৭০ একর আয়তনবিশিষ্ট জমিতে নার্সারিগুলো রয়েছে। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় নার্সারি হিসেবে খ্যাত সাথি নার্সারির অবস্থানও এ উপজেলায়। মেহগনি, কড়ই, গামারি, চম্বল, শিশু, শিরীষ, আম, জাম, কাঁঠাল, লেবু, পেয়ারা, লিচুসহ হরেক রকম গাছের অগণিত চারা এসব নার্সারিতে মজুদ রয়েছে। সম্প্র্রতি ঔষধি গাছের চারার জন্যও এ উপজেলার নার্সারিগুলো নাম কুড়িয়েছে। এ ছাড়া মজুদ আছে বাড়ি-ঘরের সোভাবর্ধনকারী গাছ ও নানা ধরনের দেশি-বিদেশি ফুলের চারা। মালিক ও শ্রমিকসহ প্রায় দেড় হাজার পরিবার প্রত্যক্ষভাবে এসব নার্সারি থেকে আয়ের ওপর নির্ভরশীল। কিন্তু ওই নার্সারি ব্যবসায় এখন দারুণ মন্দা।নার্সারি সূত্রে জানা যায়, চার বছর ধরে চারা রোপণের ভাটা পড়েছে। এ বছরে একমাত্র আম ছাড়া অন্য সব চারার চাহিদা একেবারে কমে গেছে। মে থেকে অক্টোবর মাস পর্যন্ত চারা রোপণ করা হয়। চারা রোপণের ভরা এ মৌসুমে অতিরিক্ত খরার কারণে বেচা-বিক্রি তেমন না হওয়ায় নার্সারি মালিকেরা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। এ ব্যাপারে নার্সারি মালিক মোস্তাফিজার রহমান বলেন, তাঁর নার্সারিতে আমের চারার চাহিদা কিছুটা রয়েছে। সেটাও এলাকায় নয়, বাইরের চট্টগ্রাম এলাকা থেকে অনেকে এসে চারা নিয়ে যাচ্ছে। অন্য সব চারার চাহিদা একেবারে কম। সমিতির সভাপতি গুলজার হোসেন বলেন, নার্সারি ব্যবসায় এখন প্রয়োজনীয় চারা বিক্রি না হওয়া ছাড়াও অনেক সমস্যা। সব উপকরণের দাম যেভাবে বেড়েছে সেভাবে চারার দাম বাড়েনি। এ ছাড়া ছোট নার্সারি ঋণ পায় না। বড় নার্সারিগুলো ঠিকই মোটা অঙ্কের ঋণ পায়। অথচ ছোটগুলোকেই ঋণ দেওয়া বড় জরুরি। এর বাইরে হাট-বাজারগুলোতেও রয়েছে ভোগান্তি। চারা কিনলে দ্বিগুণেরও বেশি টোল আদায় করা হয়। আর চারা বিক্রির জন্য ছায়াযুক্ত জায়গার দরকার হলেও হাটবাজারে যত্রতত্র জায়গা দেওয়া হয় না। এসব কারণে নার্সারি ব্যবসা আর আগের মতো নেই।