শিবগঞ্জে নিহতদের নিয়ে জামায়াত-বিএনপির টানাটানি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে নিহত মতিউর রহমান ও রবিউল ইসলামকে নিজেদের লোক বলে দাবি করছে বিএনপি ও জামায়াতে ইসলামী। অন্যদিকে নিহতদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা কোনো দল করতেন না। এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। জেলা জামায়াতের নায়েবে আমির লতিফুর রহমান প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, ‘ওই দুজন জামায়াতের লোক।’ কোন পর্যায়ের লোক? জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘তাঁরা আমাদের শুভাকাঙ্ক্ষী, সমর্থক।’ নিহতেরা কোনো দলের লোক নয়—পরিবারের এই দাবি প্রসঙ্গে জেলা জামায়াতের আমির নজরুল ইসলাম বলেন, ‘এই পরিস্থিতিতে দলীয় পরিচয় প্রকাশ করা ভয়ের ব্যাপার বলেই তারা বিষয়টি এড়িয়ে গেছে।’ তিনি ওয়ালিউল্লাহকে শিবিরের কর্মী হিসেবে দাবি করেন।এদিকে ১৮ দলীয় জোটের চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়কারী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিঞা প্রথম আলো ডটকমকে বলেন, ‘রবিউল ও মতিউর শুধু নয়, তাদের পুরো পরিবারই আমাদের লোক, আমাদের ভোটার।’ তিনি এই প্রতিবেদকে বলেন, ‘আমি জোটের জেলা সমন্বয়ক, জামায়াত নেতাদের বলবেন, তাঁরা যেন আমার সঙ্গে যোগাযোগ করে রবিউল ও মতিউরের দলীয় পরিচয় ব্যাখ্যা করেন।’বিষয়টি জেলা জামায়াতের আমিরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ১৮ দলীয় জোটের অন্তর্গত বলেই শাহজাহান মিঞা নিহত রবিউল ও মতিউরকে তাঁদের লোক বলে দাবি করেছেন।তবে গতকাল শুক্রবার সদর থানা বিএনপি কার্যালয়ে ১৮ দলীয় জোটের সংবাদ সম্মেলনে নিহত লোকজনের বিষয়ে প্রশ্ন করা হলে জোটের পক্ষ থেকে বলা হয়েছিল, নিহতেরা সাধারণ মানুষ। অথচ এক দিন পরই সুর পাল্টালেন তাঁরা। অন্যদিকে নিহত মতিউরের জামাতা মো. জাহাঙ্গীর বলেন, ‘হামার শ্বশুর এক পাইটখাটা (দিনমজুর) লোক। সকাল থ্যাকা সন্ধ্যা পর্যন্ত না খাটলে ভাত জুটে না। সে আবার পার্টির কী বুঝে?’ তিনি আরও জানান, মতিউর কোনো দলের লোক ছিলেন না। মতিউরের ভাতিজা শফিকুল ইসলামও (৩০) বলেন, মতিউর কোনো দলের কর্মী না। নিহত মাদ্রাসাছাত্র অলিউল্লাহর চাচা আবদুল মালেক ও তার মা বলেন, ‘অলিউল্লাহ কোনো দল করত না।’ কথা হয় রবিউলের চাচা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আলাউদ্দীন, চাচাতো ভাই সোহেল রানা (২৪) ও ভাতিজা মো. মাসুদের (২৫) সঙ্গে। তাঁরাও দাবি করেন, রবিউল কোনো দলের সঙ্গে জড়িত ছিল না।কানসাট পল্লীবিদ্যুত্ উপকেন্দ্রে হামলার আসামি ধরার জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গত বৃহস্পতিবার রাতে শিবগঞ্জের শ্যামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন। আসামি গ্রেপ্তারের নামে স্থানীয় বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে তাঁরা যৌথ বাহিনীকে ঘিরে ফেলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। ভোর পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। ভোরের দিকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে যান।নিহতেরা হলেন উপজেলার ওমরপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে মো. ওয়ালিউল্লাহ (১৬), বাবুপুর গ্রামের মো. বদুর ছেলে রবিউল ইসলাম (২৫) ও গোপালনগর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মতিউর রহমান (৪৫)।