শিবগঞ্জে পুলিশ, র্যাব ও বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। কানসাট পল্লীবিদ্যুেকন্দ্র আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামি ধরতে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে গ্রামবাসী দাবি করলেও পুলিশ তা অস্বীকার করেছে।এদিকে হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে ১৮-দলীয় জোটের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে চাঁপাইনববাগঞ্জ সদর থানা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জোটের চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়কারী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিঞা এ ঘোষণা দেন। এ ছাড়া আগামীকাল শনিবার বিক্ষোভ সমাবেশ ও গায়েবানা জানাজা কর্মসূচির ঘোষণা করা হয়।ঘটনা সম্পর্কে জেলার পুলিশ সুপার বশির আহমেদের ভাষ্য, গতকাল রাত আড়াইটার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কানসাট পল্লীবিদ্যুেকন্দ্র পোড়ানোর ঘটনায় করা মামলায় আসামি ধরতে শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে যান। এ সময় গ্রামবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। তারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ও বোমা ছোড়ে। এতে পুলিশ, র্যাব, ম্যাজিস্ট্রেটসহ অন্তত ১০-১২ জন আহত হন। ঘটনাস্থল থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে তিনি দাবি করেন।স্থানীয় সূত্রগুলো দাবি করছে, সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এই তিনজন হলেন: উপজেলার শ্যামপুর এলাকার গোপালনগর গ্রামের মতিউর রহমান (৪৫) ও রবিউল ইসলাম (২৪) এবং শরত্নগর গ্রামের ওয়ালিউল্লাহ (১৬)। তবে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহমদ সংঘর্ষে কারও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি।এদিকে ঘটনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোলঘরের কাছে, শিবতলায় ও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের উপররাজারামপুর মোড়ে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। জামায়াত-শিবিরের কর্মীরা এ সময় বিক্ষোভ মিছিল করেন।