শিবগঞ্জে প্রকাশ্যে ধূমপান চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার চারমাথা বাসস্ট্যান্ড থেকে জয়পুরহাটগামী একটি বাসে ২২ মে বিকেলে বাড়ি ফিরছিলেন কিচক গ্রামের শিক্ষক আলমগীর হোসেন (৪০)। বাস ছাড়ার সময় এক উঠতি যুবক সিগারেট জ্বালিয়ে বাসে উঠলেন। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে সুপারভাইজার বাসের ভেতরে ধূমপান না করার অনুরোধ জানালেন। তাঁর এ অনুরোধ কারও মন স্পর্শ করেনি। আরও দুজন যাত্রী একটু পরই সিগারেট জ্বালালেন। কিছুক্ষণ পর আলমগীর হোসেনের সামনের আসনে বসা যাত্রী সিগারেট জ্বালালেন। যার ধুঁয়া আলমগীরের জন্য অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয়। একপর্যয়ে আলমগীর হোসেন ওই যাত্রীকে সরকারের আইনের কথা শোনালে তিনি থামলেন। কিন্তু অপর ধূমপানকারীরা তাঁর কথাকে কোনোই গুরুত্ব দিলেন না। ‘ধূমপান না করলে না কি ভালো লাগে না। মাথা ঝিমঝিম করে’— এ কারণেই ধূমপান করেন তাঁরা। আইনের কথা তুলতেই বলেন, ‘হামাকেরে দ্যাশত তো কত আইনই হলো, সব কি আর মানা হয়?’উপজেলা সদরে পান-সিগারেট বিক্রেতা আনিছার রহমান বলেন, সিগারেট বিক্রি হচ্ছে আগের মতোই। আইন হওয়ার পর প্রথম প্রথম আড়ালে-আবডালে খাওয়া চলত। এখন যেখানে-সেখানেই। বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ, হাটবাজারে প্রকাশ্যেই মানুষ ধূমপান করছেন। ধূমপায়ীরা বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা স্থানপাত্র বিবেচনা না করেই দলবদ্ধ হয়ে দেদারছে ধূমপান করছে। অনেক শিক্ষক ও পুলিশ সদস্যকেও ধূমপান করতে দেখা যায়। সরকার প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে আইন পাস করলেও এ উপজেলায় কেউ তা মানছে না। যেখানে-সেখানে ধূমপান করছেন ধূমপায়ীরা। এতে বিব্রতকর অবস্থার সৃষ্টি হচ্ছে অনেক সময়। ২৩ মে এমনি এক বিব্রতকর অবস্থায় পড়েন উপজেলার দামগাড়া গ্রামের ফরিদ উদ্দিন নামে এক পথচারী। ধূমপায়ী এক সাইকেল আরোহীর সিগারেটের ছাই ওই পথচারীর চোখে গিয়ে পড়ে। এতে ওই পথচারী ক্ষুব্ধ হন এবং বিড়ম্বনার মধ্যে পড়েন।প্রায় মাস ছয়েক আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান মোকামতলা এলাকায় এক ধূমপায়ীকে হাতেনাতে ধরে ফেলেন। তাঁর জরিমানা করা হলেও পরে আর ধূমপানবিরোধী এ তৎপরতার খবর জানা যায়নি। এ উপজেলার বাস, অফিসপাড়া ও হাটবাজারে প্রকাশ্যেই মানুষ ধূমপান করছে। আইন অনুযায়ী ‘পাবলিক প্লেস’ বা জনসমাগমের স্থানে ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ। এই আইনের অধীনে প্রকাশ্যে ধূমপানকারীকে ৫০ টাকার জরিমানার বিধান করা হয়। কিন্তু আইন পাস করা হলেও এর যথাযথ প্রয়োগ না থাকায় এ আইনের তোয়াক্কা করছে না এলাকার মানুষ। আইনের কোথাও কোনো প্রভাব পড়েনি। অধূমপায়ীদের অভিমত, ধূমপানসংক্রান্ত প্রণীত আইনের যথাযথ প্রয়োগ করা হোক। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রশাসনিক হস্তক্ষেপ করে ধূমপায়ীদের বিরত রাখা পুরোপুরি সম্ভব নয়। আইনটির ব্যাপারে ব্যাপক প্রচারণা দরকার। সামাজিক আন্দোলন গড়ে তুলে মানুষকে সচেতন করতে না পারলে শুধু শুধু প্রশাসনিক হস্তক্ষেপ করে কোনো লাভ হবে না। ধূমপানের ক্ষতিকারক দিক তুলে ধরে তা পান না করার জন্য মানুষকে সচেতন করতে উপজেলা কমিউনিটি পুলিশিং ব্যবস্থায় একটি কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।