বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট গ্রামের আশরাফুল আলম (৪৫) নিজ বাড়িতে পোলট্রি খামার করে মুরগি পালন করে আসছিলেন পাঁচ বছর ধরে। এতে তাঁর চার সদস্যের সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু এক মাস হলো তিনি খামারটি বন্ধ রেখেছেন। ফলে সংসারে দেখা দিয়েছে অভাব-অনটন। আশরাফুল আলম বলেন, ‘অনেক আশা কর্যা এ বেবসা শুরু করেছিনু। কিন্তুক মুরগির বাচ্চার দাম আর খাবারের দাম ব্যাড়া গ্যাচে ম্যালা। আর কুল্যা উঠপ্যার পারিচ্চি ন্যা। খামারডা তাই বন্ধ কর্যা দিতে বাধ্য হনো।’একটি বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি করেন এমদাদুল হক (৪২)। সংসারের আয় আরেকটু বাড়াতে মুরগির খামার করেছিলেন। প্রথম দিকে বেশ লাভও করেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি খামারটি বন্ধ করে দিয়েছেন।আশরাফ আলম, জয়নাল আবেদীন ও এমদাদুল হক নন, তাঁদের মতো এই উপজেলার অনেক খামারি এক দিনের ব্রয়লার মুরগির বাচ্চার দাম অধিক হওয়ার কারণে এবং সেই সঙ্গে সমানতালে খাদ্যের দাম বাড়ায় লোকসানের শিকার হচ্ছেন। এ কারণে এই উপজেলার প্রায় ২৫০টি খামার বন্ধ হয়ে গেছে।খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক দিনের বাচ্চার অস্বাভাবিক দাম বাড়ার কারণে মুরগির বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। বাজারে একটি ভালো মানের মুরগির ডিমের দাম সর্বোচ্চ ছয় টাকা। ওই ডিম থেকে বাচ্চা উত্পাদনের জন্য হ্যাচারির পরিবহন, লোকবল, বিদ্যুত্ ও যন্ত্রাংশ খরচসহ ১২ টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। এ ক্ষেত্রে এক দিনের বাচ্চার দাম ১৫ টাকা হলেও লাভ অনেক। কিন্তু ১০ মার্চ প্রতিটি এক দিনের বাচ্চার দাম নেওয়া হয়েছে ৬১ টাকা করে। তা ছাড়া ৩০ দিন পর্যন্ত প্রতিটি বাচ্চাকে খাবার দিতে হয় তিন কেজির সমপরিমাণ, যার দাম পড়ছে ৯৫ টাকা থেকে ১১৫ টাকা। আরও রয়েছে ভ্যাকসিন ও লোকবল খরচ। সব মিলিয়ে ৩০ দিন বয়সী একটি মুরগির বাচ্চার ওজন দেড় কেজি হলেও বর্তমান বাজার অনুযায়ী ওই মুরগির দাম ২১০ টাকা। কিন্তু পাইকারি দাম ১৮০ থেকে ১৮৫ টাকা। এর ওপর ঝুঁকি তো রয়েছেই। গড়ে শতকরা পাঁচ ভাগ মুরগি মারা যাবে। এ রকম লাভ-লোকসানের ঝুঁকির কারণে খামারিরা খামার বন্ধ না করে পারছেন না।মুরগির খাবার ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪০) জানান, তাঁরা দাম বাড়ানোর কেউ নন। কিনতেই দাম বেশি পড়ে বলে বেশি দামে বিক্রি করতে বাধ্য হন।আরেক ব্যবসায়ী তছকিন আলী (৫২) জানান, প্রতি কেজি মুরগির খুচরা মূল্য এখন ১৪০ টাকা কেজি। দাম বেড়ে যাওয়ায় মানুষ আগের মতো আর মুরগি কিনছে না।উপজেলার বানাইল গ্রামের ইনছান আলী (৩৮) জানান, কিছুদিন আগেও মুরগির কেজি ছিল ১০০ থেকে ১১০ টাকা। কিন্তু ১৫ দিনের ব্যবধানে দাম বেড়ে হয়েছে ১৪০ টাকা কেজি। আগে কম করে হলেও প্রতি শুক্রবার মুরগি কিনতেন। কিন্তু দাম বাড়ার পর এখনো তিনি মুরগি কেনেননি।এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ইউসুফ আবদুলাহ হারুন জানান, এ উপজেলায় ২১৩টি খামারের নিবন্ধন থাকলেও ৫৫০টি খামার চালু ছিল। কিন্তু বর্তমানে অর্ধেকের বেশি খামার বন্ধ হয়ে গেছে। তিনি আরও জানান, অব্যাহতভাবে মুরগির বাচ্চা ও পোলট্রি খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে পোলট্রি শিল্পের দুঃসময় যাচ্ছে।