শিবগঞ্জে বিষমুক্ত সবজির জন্য ‘জাদুর ফাঁদ’
‘একটু কথা বলতে চাই’—জানাতেই করলা খেত থেকে চটপট করে পাশের কাঁচা সড়কে চলে আসেন কৃষক আবু বক্কর সিদ্দিক। খেতের মধ্যে প্লাস্টিকের এত পাত্র ঝোলানো কেন?—প্রশ্ন শেষ হতে না হতেই তিনি একগাল হাসি ছড়িয়ে বলেন, ‘ওগলান জাদুর ফাঁদ। এগলান দিয়া খ্যাতের পোকা মারি। একন আর হামাক কীটনাশক কিনা লাগে না।’ জানালেন, প্রথম দিকে এভাবে পোকা দমনের চেষ্টা করায় আশপাশের কৃষকেরা হাসাহাসি-উপহাস করতেন। এখন সফলতা পাওয়ায় ওইসব কৃষকই তাঁর কাছ থেকে পরামর্শ নিয়ে এ পদ্ধতিতে সবজি চাষের চেষ্টা করছেন। শিবগঞ্জ উপজেলার কৃষক আবু বক্কর। তাঁর মতো বগুড়ার অনেক কৃষক এখন সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে কীটনাশকের ব্যবহার না করে বিষমুক্ত সবজি চাষ শুরু করেছেন। এলাকার কৃষক ও উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, সবজি খেতে ফসলের কিছুটা উঁচুতে ঝোলানো হয় সেক্স ফেরোমন ট্রাপ। এলাকার কৃষকদের কাছে এর নাম ‘জাদুর ফাঁদ’। প্লাস্টিকের ছোট বোতল বা পাত্রের দুই পাশে কেটে ফুটো করে তলায় সাবান মিশ্রিত পানি ভরে দেওয়া হয়। ওপরে ঝোলানো থাকে ‘তাবিজ’ পরিমাণের ফেরোমন টিউব। পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য স্ত্রী মথের শরীর থেকে গন্ধ সৃষ্টিকারী যে রাসায়নিক পদার্থ নির্গত হয়, সেটির নামই ফেরোমন। এই ফেরোমনভর্তি টিউবটি ফাঁদের ভেতরে আটকে রাখায় এর গন্ধে আকৃষ্ট হয় পুরুষ পোকা। তারা ছিদ্র দিয়ে পাত্রের ভেতরে প্রবেশ করে এবং পানিতে আটকে মারা যায়। এভাবে ফাঁদে পড়ে ঝাঁকে ঝাঁকে মৃত্যুবরণ করার ফলে প্রজননের মাধ্যমে বংশ বিস্তারের জন্য খেতে পুরুষ পোকা আর অবশিষ্ট থাকে না। এভাবে কীটনাশক ব্যবহার না করেও পোকা দমন করা সম্ভব হচ্ছে।কৃষিবিদ হাবিবুল হক জানান, নানা জাতের ফসলে বিশেষ করে সবজি খেতে কীটনাশক ব্যবহার রীতিমতো রেওয়াজে পরিণত হয়েছে। আর এই বিষ মাখানো সবজি সরাসরি বাজার ঘুরে চলে আসছে খাবারের পাতে। এ থেকে সৃষ্টি হয় নানা ধরনের শারীরিক সমস্যা। এ ছাড়া কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে কৃষকের জীবনের ঝুঁকির পাশাপাশি জীববৈচিত্র্য ধ্বংস আর আর্থিক ক্ষতির বিষয় তো রয়েছেই। কীটনাশকের সবচেয়ে ক্ষতিকর দিক হলো, এগুলো ক্ষতিকর-উপকারী সব ধরনের পোকাই ধ্বংস করে। কিন্তু ফেরোমন ফাঁদ শুধু একটি নির্দিষ্ট পোকাকেই নির্মূল করবে। ফসলের খেতের ৮০ শতাংশ পোকাই উপকারী।উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা এজাজুল হক বলেন, এক বিঘা (৩৩ শতাংশ) খেতের জন্য ১২ থেকে ১৪টি পাত্র ঝোলাতে হয়। আর প্রতি পাত্রে যে ফেরোমন টিউব দিতে হয় এর বাজার মূল্য বর্তমানে প্রতিটি ২৫ টাকা। আর প্লাস্টিকের পাত্রের দাম পড়বে পাঁচ টাকার মতো, যা কীটনাশক ব্যবহারের চেয়ে খরচ অনেক কম। এটি অত্যন্ত কার্যকরী বালাইনাশক হিসেবে প্রমাণিত হয়েছে।