শিবগঞ্জে যৌন হয়রানির দায়ে যুবকের চার মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আজ শনিবার নবম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে আতিকুর রহমান (২০) নামে এক যুবকের চার মাসের সাজা হয়েছে। আতিক উপজেলার গণেশপুর গ্রামের বুলবুল ইসলামের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেতগাড়ী মীর শাহে আলম বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে মুঠোফোনে উত্ত্যক্ত করতেন আতিক। আজ সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে আতিক ওই ছাত্রীর পথরোধ করেন। ছাত্রীর চিত্কারে বিদ্যালয়ের শিক্ষকেরা বের হয়ে এসে আতিককে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ বিকেলে আতিককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুত্ফর রহমান তাঁকে চার মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।