শিবগঞ্জে রেজিস্ট্রেশনবিহীন ভটভটি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজমুল হোসেনের বাড়ি নলডুবি গ্রামে। মুদি দোকানের ব্যবসা করেন তিনি। এ জন্য সপ্তাহের প্রায় দিনই তাঁকে বুড়িগঞ্জ হাটে আসতে হয়। তাঁর আসা-যাওয়ার একমাত্র বাহন এখন এলাকার লক্করঝক্কর মার্কা ভটভটি। তিনি বলেন, ‘সমায় বাঁচানোর জন্যি এডাত ভয়ে ভয়ে চড়ি। ভটভটিত ওঠার আগে দোয়া-দরুত পইড়্যা লেই। এ পর্যন্ত চার বার একসিডিনের হাতোত পরিছিনু। একবার হাসপাতালোতও গেচনু। জানি রিকচের জিনিস। তারপরও না ওঠ্যা পারি ন্যা। যাওয়া-আসা করাত লাগবি।’ বগুড়ার শিবগঞ্জ উপজেলা গ্রামীণ জনপদে নজমুল হোসেনের মতো অনেক মানুষের এখন যাতায়াতের প্রধান ভরসা এই অবৈধ ভটভটি। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সড়ক-মহাসড়ক আর গ্রামীণ জনপদে দাপিয়ে বেড়াচ্ছে এই যানটি। অবৈধ এসব ভটভটির বিকট শব্দ আর বেপরোয়া চলাচলে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। হরহামেশা ঘটছে দুর্ঘটনা। ভটভটিচালক ও মালিকদের কাছ থেকে স্থানীয় পুলিশ চাঁদা পাওয়ায় তারাও এঁদের কিছু বলছে না বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলার সড়ক ও সংযোগ সড়কগুলোতে রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিট ছাড়া কমবেশি ৫০০ ভটভটি চলাচল করছে। যান্ত্রিক ত্রুটিযুক্ত এসব ভটভটি প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। হতাহত হচ্ছেন যাত্রীসাধারণ। সড়ক-মহাসড়কে ভটভটি চলাচল বন্ধের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ তা বন্ধ করছে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মোটরযান অধ্যাদেশের ১৫২ ধারা মোতাবেক রেজিস্ট্রেশন ছাড়া সড়ক-মহাসড়কে যেকোনো ধরনের যানবাহন চলাচল দণ্ডনীয় অপরাধ। এতে একদিকে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়, অন্যদিকে তেমনি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে।উপজেলার মাঝিহট্ট এলাকার ভটভটিচালক আমিনুল ইসলাম (৫০) জানান, তিনি দীর্ঘদিন এ উপজেলায় ভটভটি চালিয়ে আসছেন। এখানে ১৯৯৫ সালের দিকে ভটভটি চলাচল শুরু হয়। তখন সংখ্যায় মাত্র ১০-১৫টি ভটভটি সড়ক-মহাসড়কে চলাচল করত। এখন তা বেড়ে ৫০০ ছাড়িয়ে গেছে। ভটভটির চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নাগরবন্দর স্ট্যান্ডে ৫০, ভায়েরপুকুরে ২৫, বিহারহাটে ৪০, বুড়িগঞ্জে ৫০, পীরবে ৫০, জামুরহাটে ২৫, কিচকে ৮০, আমতলীতে ২০, রায়নগরে ৪০, গুজিয়াতে ১৫, মোকামতলায় ৫০ এবং চণ্ডীহারা স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় ১৫টি ভটভটি চলাচল করে। এ ছাড়া বিভিন্ন গ্রামে দুই-তিনটি করে ভটভটি রয়েছে। অভিযোগ রয়েছে, এসব ভটভটির প্রতিটি থেকে মাসিক ১০০ টাকা করে চাঁদা পুলিশকে দিতে হয়। এ ছাড়া উপজেলার মহাস্থান, গণেশপুর, কিচক বাঁশের সাঁকোসহ বিভিন্ন জায়গায় নৈশপ্রহরার জন্য প্রতি রাতে চারটি করে ভটভটি পুলিশ ব্যবহার করে। এ জন্য ভটভটির মালিকদের কোনো টাকা দেওয়া হয় না। উপরন্তু এর তেলও দিতে হয় মালিকদের। ভটভটিমালিক সমিতির একজন এবং কয়েকজন চালক ভটভটি থেকে উল্লিখিত হারে পুলিশের চাঁদা নেওয়ার কথা স্বীকার করেন। সড়ক-মহাসড়কে ভটভটি চলাচলের বৈধতা না থাকায় তাঁরা পুলিশকে এই চাঁদা দেন বলে জানান।উপজেলার বেলভুজা গ্রামের ভটভটিচালক শাহাদত্ হোসেন (৪২) বলেন, ‘কাগজপত্র নাই, তাই পুতি মাসে ১০০ ট্যাকা এবং মাসে এক দিন খ্যাপ ম্যারা দেওয়া লাগে।’ ছাতুয়া গ্রামের ভ্যানচালক একাব্বর হোসেন (৩৫) জানান, উপজেলার বুড়িগঞ্জ বন্দর থেকে মাঝিহট্টসহ বিভিন্ন জায়গায় কমপক্ষে ৫০টি ভটভটি চলে। অবৈধ এসব ভটভটির কারণে তাঁদের পক্ষে বৈধ ভ্যান ও রিকশা চালানোই বন্ধের উপক্রম হয়েছে।ভটভটি দুর্ঘটনায় আহত হয়েছেন এমন অনেক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই চলন্ত ভটভটি হঠাত্ উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। অদক্ষ চালক আর যান্ত্রিক ত্রুটিযুক্ত হওয়ায় এসব প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে। সব দুর্ঘটনার ধরন প্রায় একই রকম।উপজেলার মোকামতলা বাজারের ছাত্র আপেল মাহমুদ জানান, গ্রামের সড়ক ছাড়াও বগুড়া-রংপুর মহাসড়কে অবাধে ভটভটির চলাচল রয়েছে। কিছুদিন আগে এ সড়কে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভটভটিচালক নূরুল ইসলাম (৩৫) মারা গেছেন। ছোটখাটো দুর্ঘটনা হরহামেশা লেগেই আছে। বেশি দুর্ঘটনার কারণ জানতে চাইলে দক্ষ চালক ইয়াছিন আলী (৩০) জানান, দুর্বল ব্রেক ও অতিরিক্ত যাত্রী পরিবহনই ভটভটি দুর্ঘটনার প্রধান কারণ।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম জাহিদুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো ভটভটিমালিক বা চালকের কাছ থেকে টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না। কেউ নিয়ে থাকলে তার কিছুই জানেন না তিনি।