শিবগঞ্জে শীতকালীন সবজিতে ফায়দা লুটছে মধ্যস্বত্বভোগীরা
‘ফলন যা হচে খুব ভালো। দামডা লিয়া অ্যানা মনোত দুঃখ আচে। আর অ্যানা বেশি দাম প্যালে ভালো হলোহীনি। পুতি মণ ফুলকপি বেচনু ১১০ ট্যাকা দরে। ইংকা দাম দিয়া এই মংগার বাজারোত হামাকেরে লোকসানই হবি।’ কথাগুলো অভিযোগের সুরে বলেন উথলী গ্রামের চাষি আবদুর রাজ্জাক।গুজিয়া গ্রামের সাব্বির হোসেন বলেন, ‘অ্যানা বেশি দাম পাবার জন্যি বেশি কর্যা মুল্যার আবাদ করিছিনু। আগুর আবাদ করবার য্যায়্যা খরচ পড়িচে ম্যালা। মনে করিসিনু ম্যালা দাম পামো। পোরথম দিকে দাম প্যালেও একন মুল্যার কুনো দাম নাই। পুতি মণ মুলা ৫০ ট্যাকার বেশি ব্যাচা যায় না।’৬ জানুয়ারি বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মহাস্থানগড় সবজি হাটে কথা হয় আবদুর রাজ্জাক, ছাইফুল ইসলাম, সাব্বির হোসেনসহ অনেক সবজিচাষির সঙ্গে। সবার মুখে একই হতাশার কথা। তাঁরা বেশি লাভের আশায় শীতের সবজি চাষ করেছেন। কিন্তু খরচের তুলনায় দাম পাচ্ছেন না। তবে তাঁরা এ হতাশার মধ্যেও খুশি এবার সবজিতে দেশের শস্য-ভান্ডারখ্যাত এ উপজেলায় বাম্পার ফলন হওয়ায়। কৃষকেরা নিজ পরিশ্রমে উত্পাদিত ফসলের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ হলেও বাজারে ক্রেতাদের কিনতে হচ্ছে অধিক দাম দিয়েই। আর মাঝপথের সেই মধ্যস্বত্বভোগীরা গুনছে লাভের টাকা। জানা যায়, মাঠপর্যায়ে ফসল উত্পাদনের পর সাধারণ ক্রেতার হাতে পৌঁছতে অন্তত তিন থেকে চার হাত ঘুরতে হয়। এতে প্রতিটি স্তরেই কেজিপ্রতি দুই থেকে তিন—এমন কী আরও বেশি টাকা করে দাম বেড়ে যায়। কৃষকেরা মাঠ থেকে ফসল উঠিয়ে তা বিক্রি করেন ব্যাপারিদের কাছে। আর ব্যাপারিরা সেসব পণ্য প্রক্রিয়াজাত করে নিজেদের লাভ রেখে বিক্রি করেন পাইকারদের কাছে। এরপর পাইকারেরা নিজেদের লাভ যোগ করে বিক্রি করেন খুচরা বিক্রেতাদের কাছে। আর এর ওপর আবার বসে লাভের অঙ্ক। এরপর খুচরা বিক্রেতাদের হাত ঘুরে তা আসে ক্রেতাদের হাতে। আর মাঝপথে ব্যাপারি, পাইকার ও খুচরা ব্যবসায়ীদের লাভের অঙ্ক বসতে বসতে প্রতিটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে অনেক বেশি। মহাস্থানগড় হাটে দেখা যায়, পাইকারি দরে সবজি কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা। শুধু মহাস্থানগড় হাটেই নয়, উপজেলার সবগুলো হাটে এখন ট্রাকের লম্বা লাইন। পাইকারি ব্যবসায়ীরা ট্রাকবোঝাই করে পাড়ি জমাচ্ছেন নিজ নিজ এলাকায়। খুচরা সবজি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, ‘আমরা দাম কমবেশি করার ক্ষমতা রাখি না। বরং পাইকারদের কাছ থেকে কম দামে কিনলে বিক্রিও করি কম দামে। কিন্তু যখন আমরা বেশি দামে ক্রয় করি, তখন তো বেশি দামেই বিক্রি করতে হয়।’ পাইকারি ব্যবসায়ী তবিবর রহমান জানান, পরিবহন, কুলি ও হরেক রকম খরচের কারণে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন শহরে সবজি নিয়ে গিয়ে তাঁদের যে লাভ হওয়ার কথা মানুষে জানে, তা হয় না।উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হক জানান, এবার এ উপজেলায় ৭০০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হচ্ছে এর চেয়ে বেশি জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় সবজির এবার বাম্পার ফলন হয়েছে এবং রোগবালাইও কম।