শিবগঞ্জে সংঘর্ষ, আ.লীগের দুই ও জামায়াতের এক কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সংঘর্ষে আওয়ামী লীগের দুজন ও জামায়াতের একজন কর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে শ্যামপুর ইউনিয়নের খোঁজপাড়া গ্রামে আওয়ামী লীগ ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।আওয়ামী লীগের নিহত দুজন কর্মী হলেন শিবগঞ্জের সরতনগর গ্রামের নাসির উদ্দীন (৩০) ও উমরপুর গ্রামের নুরশেদ আলী (৫৫) এবং গোমস্তাপুর উপজেলার লেবুডাঙ্গা গ্রামের জামায়াতের কর্মী বশির আহম্মেদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে খোঁজপাড়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য বশির উদ্দীনের নেতৃত্বে তাঁর বাড়ির কাছে একটি সভা হচ্ছিল। সভাস্থলের পাশ দিয়ে স্থানীয় ভবানীপুর মাদ্রাসার শিক্ষক ও জামায়াতের কর্মী বশির আহমেঞ্চদ যাচ্ছিলেন। সভা থেকে আওয়ামী লীগের কর্মীরা তাঁর ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হলে তাঁকে শিবগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান। খবর ছড়িয়ে পড়লে জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও ককটেল নিয়ে সভাস্থল ঘিরে ফেলেন। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। জামায়াত-শিবিরের কর্মীরা আওয়ামী লীগের কর্মী নাসির উদ্দীনের দুই পায়ের রগ কেটে দেন এবং নুরশেদ আলীকে কুপিয়ে মারাত্মক আহত করেন। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনই মারা যান। নাসির উদ্দীনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে এবং নুরশেদ আলীর লাশ গ্রামে নিয়ে যান তাঁদের আত্মীয়স্বজন। আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, জামায়াত-শিবিরের হামলায় ইউপি সদস্য বশির উদ্দীনসহ তাঁদের দলের এসলাম গান্ধি, জাহিদ আলী, শরিফ, আবদুস সালেক, আতাউর রহমান ও মনতাজ আলী নামের ছয় ব্যক্তি গুরুতর আহত হন। জামায়াত-শিবিরের কর্মীরা এ সময় ইউপি সদস্য বশির উদ্দীনের বাড়ি ও আওয়ামী লীগের কর্মীদের ১০-১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেন। পুলিশ সাত-আটটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে। এদিকে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে জেলা সদরের শিবতলা মোড়ে দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালান শিবিরের কর্মীরা। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) রইসুদ্দীন আহত হন। হামলার পর সেখান থেকে পুলিশের সদস্যরা সরে গেলে দুটি ট্রাকে আগুন দেন তাঁরা। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত কেউ মামলা করেনি। তবে পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।