‘আজকাল শিক্ষাপ্রতিষ্ঠান মানে পড়া আর পড়া। নেই কোনো সুষ্ঠু সংস্কৃতিচর্চা। নেই শিক্ষার্থীদের সুস্থ প্রতিভা বিকাশের উপায়। আগে স্কুল-কলেজগুলোতে নিয়মিত সংস্কৃতিচর্চা হতো, নাটক হতো, সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা হতো। এখন শুধু বছরে দু-এক দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে কিছু গান-নাচের আয়োজন করা হয়। তাও সব শিক্ষাপ্রতিষ্ঠানে নয়। অথচ এসব শিক্ষাপ্রতিষ্ঠানেও লুকিয়ে আছে বহু প্রতিভা।’ বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সংস্কৃতিচর্চার চিত্র তুলে ধরতে আক্ষেপের সুরে কথাগুলো বলেন এলাকার প্রবীণ শিক্ষক আমজাদ হোসেন।উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এগুলোতে নেই গান-নাচের কোনো শিক্ষক, নেই কোনো বাদ্যযন্ত্র। এমনকি কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত তোলা হয় না জাতীয় পতাকাও। সব মিলিয়ে সংস্কৃতিচর্চার একেবারে হ-য-ব-র-ল অবস্থা।উপজেলা মাধ্যমিক শিক্ষাকার্যালয় সূত্র জানায়, উপজেলায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও আটটি কলেজ রয়েছে। এগুলোর কোনোটিতেই সংগীতের শিক্ষকের পদ নেই, নেই পর্যাপ্ত উপকরণ।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষকনেতা জানান, শিক্ষার্থীর মানসিক বিকাশে যে সংস্কৃতিচর্চা একান্ত দরকার, এ ভাবনাই এখন কারও মাথায় নেই। এটি আসলে একটি জাতীয় সমস্যা। ছাত্র-শিক্ষক এখন সবাই ব্যস্ত শুধু পরীক্ষা, কোচিং আর প্রাইভেট নিয়ে। অনেক শিক্ষক, অভিভাবক পর্যন্ত আছেন যাঁরা নাটক, আবৃত্তি, গান, নাচকে রীতিমতো অবহেলা করেন। এসব কাজকে যন্ত্রণা মনে করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধাবী, সংগঠক ও সংস্কৃতিমনা করে তুলতে সংস্কৃতিচর্চার অবশ্যই প্রয়োজন আছে।