শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার সকালে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহতেরা হলেন, পূর্ণতা খাতুন (৭), ইমরান হোসেন (৪০) ও বাবু মিয়া (৫০)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সোয়া নয়টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে এক শিশুসহ সাতজন শিবগঞ্জ উপজেলার মোকামতলার দিকে যাচ্ছিলেন। মোকামতলার জয়পুর মোড়ে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা ‘আল্লাহর নামে চলিলাম’ বাসটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ইমরান ও দুই যাত্রী পূর্ণতা ও বাবু নিহত হন। এ দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে বগুড়া মেডিকেল কলেজে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ১২টা পর্যন্ত বগুড়া-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।