শিবগঞ্জে হিমাগার সংকটে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটমূল গ্রামের কৃষক আনিছুর রহমান (৫০) এবার তাঁর ছয় বিঘা জমির পুরোটায়ই আলু আবাদ করেন। ফলনও পান খুব ভালো। তাই আলু তোলার সময় তাঁর মুখে হাসি লেগে ছিল। কিন্তু কয়েক দিন না যেতেই মুখের সে হাসি মুখেই যেন মিলিয়ে গেল। কারণ, তাঁর এত বেশি আলু উত্পাদিত হলেও তা সংরক্ষণ করে রাখার জায়গা নেই। তিনি উপজেলার হিমাগারগুলোতে ঘুরে ঘুরে ধরনা দিয়েছেন। কিন্তু এক বস্তা আলু রাখারও ব্যবস্থা করতে পারেননি। আনিছুর রহমান তাই ক্ষোভের সঙ্গে বলেন, ‘হামার এট্টি আলু থোমো কোনটে?’বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এবার আলুর ফলন হয়েছে সর্বকালের সেরা। সংরক্ষণ করতে পারলে কৃষক ব্যাপকভাবে লাভবান হবেন, এটা প্রায় নিশ্চিত। কিন্তু উত্পাদিত আলুগুলো রাখবেন কোথায়, তা ভাবতে ভাবতে নাকাল হয়ে পড়েছেন তাঁরা। আলু উত্পাদনে অন্যতম প্রধান উপজেলা হওয়ায় দেশে সম্ভবত সবচেয়ে বেশি হিমাগার স্থাপিত হয়েছে এ উপজেলায়। কিন্তু এর পরও সেসব হিমাগারে কোনো স্থান করে নিতে পারছেন না এলাকার কৃষকেরা। তাই হিমাগারের স্লিপের জন্য কৃষকের মধ্যে হাহাকার দেখা দিয়েছে।একাধিক কৃষকের সঙ্গে আলাপ করে জানা যায়, গত কয়েকটি মৌসুমে অন্য ফসল উত্পাদন করে কৃষক তেমন লাভের মুখ দেখতে পারেননি। তাই এবার আলু উত্পাদনে তাঁরা ঝুঁকে পড়েন। আলু উত্পাদনের মৌসুমে আবহাওয়া ছিল অনুকূলে। সারের দামও ছিল নাগালের মধ্যে। তাই সবকিছু ঠিকঠাক থাকায় অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার আলু উত্পাদন বেশি হয়েছে। আর এবার বাম্পার উত্পাদিত হওয়ায় কৃষকদের মধ্যে হিমাগারে আলু সংরক্ষণ করা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার হিমাগারগুলো আগে কৃষক ও আলু ব্যবসায়ীদের আকৃষ্ট করতে প্রতিযোগিতায় নেমে যেত। লালসালু কাপড়ে আলু সংরক্ষণ করার আহ্বান জানিয়ে ব্যানার শোভা পেত শহরের বিভিন্ন স্থানে। সারা দিন চলত মাইকিং। আলু রাখার কার্ড বিক্রির জন্য গ্রামে গ্রামে কমিশন দিয়ে নিয়োগ করা হতো এজেন্ট। ব্যবসায়ীদের ঋণসুবিধাসহ কত কী আয়োজন! কিন্তু এ বছর চিরচেনা সেই দৃশ্য যেন পাল্টে গেছে। কৃষকই এখন হিমাগারগুলোর স্লিপ পেতে মরিয়া হয়ে উঠেছেন, কিন্তু অনেক চেষ্টা করেও তা মিলছে না। স্লিপ না দিতে পারার জন্য অনেক হিমাগার কর্তৃপক্ষ একরকম পালিয়ে আছে। এ অবস্থায় কৃষকেরা হিমাগারগুলো থেকে স্লিপ সংগ্রহ করতে না পেরে এলাকার ফড়িয়া-দালালদের শরণাপন্ন হচ্ছেন। এদিকে এ সুযোগে হিমাগার-মালিকেরা গত বছরের চেয়ে ভাড়া অনেক বাড়িয়েছেন। গত বছর প্রতিবস্তা আলুর ভাড়া ছিল ২১০ টাকা। কিন্তু এ বছর ভাড়া নেওয়া হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা।৯ ফেব্রুয়ারি উপজেলার শিবগঞ্জ হিমাদ্রী লিমিটেডে গিয়ে দেখা যায়, হিমাগারের প্রধান দরজায় তালা ঝুলছে। পরে অন্য একটি দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখা যায়, কোথাও কোনো মানুষ নেই। দোতলায় অফিসকক্ষ। সেখানেও তালা ঝোলানো। পরে জানা যায়, হিমাগারের আলু সংরক্ষণের আগাম স্লিপ বিতরণ শেষ। তাই কৃষকদের ধরনা দেওয়ার হাত থেকে রক্ষা পেতে এ ব্যবস্থা। খোঁজ নিয়ে জানা যায়, শুধু এ হিমাগারই নয়, উপজেলার সব হিমাগারের স্লিপ বিতরণ শেষ হয়ে গেছে।কথা হয় উপজেলার মাঝিহট্ট গ্রামের কৃষক জাহিদুল ইসলামের সঙ্গে। তিনি জানান, আগাম স্লিপের আশায় তিনি বিভিন্ন হিমাগারে হন্যে হয়ে ঘুরেছেন। কিন্তু কোথাও এক বস্তা আলু রাখারও স্লিপ পাননি। তাই চেষ্টা করছেন কালোবাজারে যদি কোনো স্লিপ সংগ্রহ করা যায়!চকঝিনাহার গ্রামের কৃষক মশিউর রহমান (৪০) বলেন, গত বছর আলু সংরক্ষণ করে মোটা অঙ্কের লাভ হয়েছিল। তাই এবার তিনি বেশি জমিতে আলু আবাদ করেন। কিন্তু এখন হিমাগারে সে আলু সংরক্ষণ করতে পারাটা অনিশ্চিত হয়ে পড়েছে। এত আলু বাড়িতে সংরক্ষণ করতে পারবেন না বলে কম দামে তাঁকে এখনই বাজারে বিক্রি করে দিতে হবে।দামগাড়া গ্রামের কৃষক মোস্তাফিজার রহমান (৮২) বলেন, ‘গতবার এক বিঘা জমিত আলু পাচনো ৪০ মণ। আর এবার সেই জমিতি আলু পাচি ৯৮ মণ। আলু তুলা জান শান্তি। কিন্তু আলুগুলান টোরোত র্যাকপ্যার পারিচ্চি ন্যা। তাই চিন্তাত আচি আলুগুলান লিয়া।’ স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার এ উপজেলায় ১৭ হাজার ৩০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। ব্যাপক ফলনের কারণে তিন লাখ ৫৭ হাজার ৬৩০ মেট্রিক টন আলু উত্পাদিত হবে। আর এ আলু সংরক্ষণের জন্য এ উপজেলার ১২টি হিমাগার মিলে ধারণক্ষমতা মাত্র ৮৯ হাজার ৬০০ মেট্রিক টন। হিমাগারগুলো ছাড়া সংরক্ষণ করাটা কঠিন হওয়ায় কৃষকেরা এবার এত আলু রাখবেন কোথায় তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।কৃষকেরা অভিযোগ করেন, হিমাগার কর্তৃপক্ষের সহায়তায় কতিপয় মজুদদার ও ব্যবসায়ী আলু কম দামে বিক্রি করতে কৃষকদের বাধ্য করার জন্য আগাম স্লিপ আগেভাগেই হাতিয়ে নিয়েছেন। কৃষকেরা খেত থেকে আলু তোলার পর এ অবস্থায় সংরক্ষণের অভাবে কম দামে বিক্রি করে দিতে বাধ্য হবেন। ফলে কৃষকদের আলু ও আলুবীজ সংরক্ষণ করা কঠিন হয়ে পড়বে।এ ব্যাপারে শিবগঞ্জ হিমাগার লিমিটেডের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘যেসব কৃষক চালাক, তাঁরা আগেই স্লিপ কেটে নিয়ে গেছেন। অলস কৃষকেরা এখন এসে আর স্লিপ পাচ্ছেন না।’ কৃষকদের স্লিপ না দিয়ে ব্যবসায়ীদের দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষকদের না দিয়ে ব্যবসায়ীদের স্লিপ দেওয়ার প্রশ্নই আসে না।’ ভাড়া বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদ্যুত্ বিল বাড়ছে, এটা আমরা নিশ্চিত হয়েছি। শ্রমিক-খরচও বেড়েছে। তাই ভাড়া কিছুটা বাড়াতে হয়েছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হক বলেন, ‘হিমাগারগুলোতে কারা স্লিপ পাবেন, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে বিভিন্ন হিমাগারে ব্যবসায়ীদের মধ্যে আগাম স্লিপ বিতরণ করার খবর পেয়েছি। কৃষকেরা তাঁদের আলুবীজ হিমাগারে সংরক্ষণ করতে না পারলে পরের মৌসুমে আলুর আবাদ আশঙ্কাজনক হারে কমে আসবে।’